জয়ের পর দারুণ ফুরফুরে মেজাজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা। কোচ আনোয়ার পারভেজ কাল কোনো অনুশীলন রাখেননি। সকালে হালকা জিম করিয়েছেন ফয়সাল-জিহাদদের। বিকেলে ফুটবলারদের নিয়ে মাঠে বসে দেখেছেন ভারত-মালদ্বীপের ম্যাচ।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য ফাইনাল। ফাইনালে উঠলে শিরোপা লড়াইটা হতে পারে ভারতের সঙ্গেই। কাল ভারত মালদ্বীপকে ভাসিয়ে দিয়েছে ৯ গোলের বন্যায়। তবে ভারত নয়, আপাতত বাংলাদেশের সব ভাবনা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নিয়ে। আগামী পরশু ভুটানের সঙ্গে খেলবে বাংলাদেশের যুবারা। এই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। গত বছর অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের ফিরতি ম্যাচে ভুটানের কাছে জাতীয় দল হেরেছিল ৩-১ গোলে। হৃদয়বিদারক সেই হারের পর বাংলাদেশ আবারও ভুটানের মুখোমুখি বয়সভিত্তিক টুর্নামেন্টে।
পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ৪ গোলে জিতলেও ফুটবলারদের পারফরম্যান্সে খুব খুশি নন কোচ আনোয়ার পারভেজ, ‘ছেলেরা আরও বেশি গোল করতে পারত। ওরা অনেক সুযোগ নষ্ট করেছে।’
ভুটানের সঙ্গে বড় ব্যবধানেই জয়ের আশায় খেলতে নামবে বাংলাদেশ। তবে ভুটান বলেই যে বাংলাদেশ এই ম্যাচটি নিয়ে বেশি উদ্দীপ্ত, কোচের কথায় তা অবশ্য বোঝার উপায় নেই, ‘শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টই গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। আমরা ফাইনালে উঠতে পারলে সভাপতি সালাউদ্দিন ভাই (বাফুফে সভাপতি) নেপালে আসবেন। আর প্রতিপক্ষ হিসেবে ভুটানকে এমনিতেই সমীহ করছি আমরা।’
শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া স্ট্রাইকার ফয়সালের প্রশংসায় পঞ্চমুখ কোচ। তবে গণমাধ্যমের কাছ থেকে ফয়সালকে একটু এড়িয়েই রাখছেন তিনি, ‘ও আসলে একটু নার্ভাস হয়ে পড়েছে। আমরা চাই না সে এখনই গণমাধ্যমে কথা বলুক। ওর খেলা সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। গত বছর মালয়েশিয়ায় সুপার মককাপে দুর্দান্ত খেলেছিল। তবে শুধু ফয়সাল নয়, এই দলে আরও পাঁচজন সেরা ফুটবলার রয়েছে যাদের ওপর ভরসা করতে পারি।’