>

বাংলাদেশের ফুটবল এখন মুমূর্ষু। এ অবস্থার জন্য অনেক সাবেক ফুটবলারই সমালোচনার তির ছুড়ছেন কাজী সালাউদ্দিনের দিকে। তাঁদের যুক্তি, ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে সাড়ে ৮ বছরে সালাউদ্দিন কিছু করতে পারেননি। কিন্তু সালাউদ্দিন একাই কি দায়ী? ফেডারেশনে তাঁর সঙ্গী তো আরও কয়েকজন সাবেক ফুটবলার। সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে ২০০৮ সাল থেকেই আছেন সাবেক তারকা সালাম মুর্শেদী, বাদল রায় ও শেখ মোহাম্মদ আসলাম। হাসানুজ্জামান বাবলু প্রথম মেয়াদে থাকলেও বর্তমান কমিটিতে নেই। ব্যর্থতার দায় তাঁদেরও কি নেই? তাঁরা কী বলেন?

একটা হারেই কি সব শেষ!
অবশ্যই না। একটা ফুটবল ম্যাচ কখনোই শেষ কথা নয়। এটি আমাদের সাড়ে আট বছরের কাজের মানদণ্ড হতে পারে না। আমাদের কাজ দেখতে হবে বৃহত্তর পরিসরে। তাই ভুটানের কাছে জাতীয় দলের হার গভীর বেদনায় পোড়ালেও ভেঙে পড়ছি না। এটি বরং হোক নতুন করে জেগে ওঠার ডাক।
২০০৮ সালে প্রথম আমরা দায়িত্ব নিই, ফুটবল মাঠে রাখাই ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছি কি না বিশ্লেষকেরাই ভালো বলবেন। তবে জোর দিয়ে বলব, দায়িত্বে অবহেলা করিনি। পেশাদার লিগ কমিটির সভাপতি হিসেবে ঘরোয়া খেলা নিয়ে কাজ করেছি বেশি। সাড়ে আট বছর পর বলতেই পারি, প্রিমিয়ার লিগটা নিয়মিত মাঠে রেখেছি। এই লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ চালু করেছি, যেটির চতুর্থ সংস্করণ চলছে এখন। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এগুলো মাঠ থেকে কখনো হারিয়ে যেতে দিইনি।
ক্লাব ফুটবলের মান কিছুটা হলেও বেড়েছে। পেশাদারির রাস্তাও খুলেছে। পাতানো খেলা বন্ধে সচেষ্ট ছিলাম। এগুলো আমাদের সাফল্য। হ্যাঁ, ব্যর্থতাও আছে। জাতীয় দল ভালো ফল করেনি। কেন করেনি, সেটার অনেক ব্যাখ্যাও আছে। তবে এটা সত্য, আমাদের সবকিছুই ম্লান করে দিয়েছে সর্বনাশা ওই একটা হার।
ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি পদে আছি ২০০৮ থেকে। লম্বা সময়, অনেক কিছুই করার ছিল। কিন্তু ফুটবল জনতার প্রত্যাশা মেটাতে না পারায় খারাপ লাগছে। নিজেকে তাই সফল মনে করছি না। দায় শুধু সভাপতির নয়, ফেডারেশনের দ্বিতীয় ব্যক্তি হিসেবে দায় নিচ্ছি আমিও।
পাইপলাইনে খেলোয়াড় না থাকার কারণেই আসলে এ অবস্থা! আমরা এই দিকটায় নজর দিতে পারিনি। হয়তো উচিত ছিল এটা নিয়ে কাজ করা। স্কুল টুর্নামেন্ট নিয়মিত করা হয়নি, জেলার ফুটবলও তাই। শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপের মতো জরুরি সব আয়োজনও করতে পারিনি। ফলে নতুন খেলোয়াড় আসার পথটাই সচল ছিল না। তবে যে দিন গেছে, আর ফিরে আসবে না। ভুল থেকে শিক্ষা নেওয়াই হবে আমার অঙ্গীকার।
আরও পড়ুন: