'ভুল' শোধরানোর মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তানে ৫ গোলে হারের লজ্জা ঢাকার উপায় খুঁজছে ফুটবল দল। সবচেয়ে বড় উপায় কম ভুল করা। সেই ‘কম ভুলের’ মিশন পরশু রাতে ঢাকায় ফিরে কাল থেকেই শুরু করে দিয়েছেন মামুনুলরা।
আগামীকালই মাঠে তা করে দেখানোর পালা। সফল হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকদের সঙ্গে এশিয়ান কাপের প্লে-অফের এই ফিরতি লেগে মানটা একটু বাঁচবে আরকি!
সেই লক্ষ্যে গত ম্যাচের ভিডিও দেখে ভুল শোধরানোই কোচ লোডভিক ডি ক্রুইফের নোটবুকে এক নম্বর করণীয়। শারীরিকভাবেও উদ্দীপ্ত করা হচ্ছে খেলোয়াড়দের। কাল দুপুরে খেলোয়াড়দের নিয়ে বসেছিলেন কোচ। বারবার ফিরে এসেছে তাজিকদের কাছে ২ জুন ৫ গোলে হারের দুঃস্বপ্ন।
অবশ্য তাজিকরা এর আগেও নিজেদের মাঠে বাংলাদেশকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে। আগেরটি গত ১২ জুন বিশ্বকাপ বাছাইপর্বে। ব্যাপারটা যেন গা-সওয়া হয়ে গেছে বাংলাদেশ দলের। ভয়ের কথা হলো, এত এত গোল খেয়েও বাংলাদেশ দলের কিছু খেলোয়াড়ের কোনো হেলদোল নেই। এ নিয়ে দলের গুরুত্বপূর্ণ এক সদস্য দুঃখ প্রকাশ করছিলেন কাল।
তাজিকদের সর্বশেষ ৫ গোলের তিনটিই ‘ডেড’ বলে। দুটি ফ্রি-কিক ও একটি কর্নার। এ নিয়ে কাল সাংবাদিকদের কাছে তীব্র ক্ষোভ জানালেন ক্রুইফ, ‘আমি যা শিখিয়ে দিচ্ছি, মাঠে গিয়ে ওরা তার কিছুই করতে পারছে না। যে কারণে এই বিপর্যয়।’
কিন্তু ‘ডেড’ বলে এত গোল হজম কেন? এ প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন খোদ তাজিকিস্তান সফরে যাওয়া দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু,‘ডেড বলে সমস্যাটা থেকেই যাচ্ছে। ওই সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের চেয়ে নিজেদের খেলোয়াড় বক্সে বেশি থাকে, তবু একের পর এক গোল হচ্ছে।’
ঘাটতিটা আসলে আরও বড়। খেলোয়াড়দের নিয়ে কাজ করার ধারাবাহিকতা থাকছে না কোচদের। গত এক বছরে খেলোয়াড়েরা বেশ কয়েকজন কোচের অধীনে ছিলেন। ফলে তাঁদের নতুন নতুন ছকের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।
কোচিং স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্যের কণ্ঠে আত্মসমালোচনা, ‘ডি ক্রুইফ যতই খেলোয়াড়দের দায় দিন, দায়টা তাঁকেই নিতে হবে।’ তাঁর খেদোক্তি, হয়তো খেলোয়াড়দের কাছ থেকে কোচ সেরাটা নিতে পারছেন না, অথবা খেলোয়াড়দের ভালো কিছু করার সামর্থ্যই নেই।
বড় সমস্যাটা আসলে বাফুফেরই। কোচ ক্রুইফকে হঠাৎ হঠাৎ ম্যাচের আগে আনা, খেলোয়াড় নির্বাচন থেকে কোনো কিছুতেই কোচকে পাওয়া যায় না। তিনি যেন ‘অতিথি কোচ’। কয়েক দিন থেকে কাড়ি কাড়ি ডলার নিয়ে চলে যান। বাফুফে অদূরদর্শিতার চূড়ান্ত মূল্যে তাই তাজিকিস্তানের মতো দলও ৫ গোলের লজ্জা দেয় নিয়মিত।
এক কর্মকর্তা ধরলেন আসল রোগ, খেলোয়াড়দের ভুলগুলো নিয়ে কাজ হয় সামান্যই। যে কারণে ম্যাচের ভুল হচ্ছে একের পর এক। ঢাকায় সেটি শোধরানো যাবে? দেখাই যাক।