'ভয় নেই, আমি সুস্থ আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো। ছবি: এএফপি
হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো। ছবি: এএফপি
>নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও রোনালদোর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে

রোনালদো-ভক্তদের জন্য স্বস্তির খবর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও দ্য ফেনোমেনোনের অবস্থা এখন শারীরিক উন্নতির দিকে। অবকাশ যাপনের জন্য স্পেনের সমুদ্রসৈকত ইবিজায় ছিলেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখানেই নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার তাঁকে নেওয়া হয় ইবিজার ক্যান মিসেস হাসপাতালে। সেখানে তাঁকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

দিয়ারিও দি ইবিজার তথ্য অনুযায়ী, রোনালদো নিজেই এ হাসপাতালের কাছ থেকে রিলিজ নিয়ে একটি ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকে চলে এসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তা টুইটারে নিজেও জানিয়েছেন ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার, ‘বন্ধু ইবিজাতে আমার একটি শক্তিশালী ফ্লু ছিল এবং শুক্রবার হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু এখন সবকিছু ঠিক আছে। আগামীকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারব। আপনাদের সমর্থন ও শুভ কামনার জন্য ধন্যবাদ।’

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া রোনালদোকে বলা হয় সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকার। মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জিতেছেন ফিফা বর্ষসেরার খেতাব। জিদান ও মেসির সঙ্গে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিন বা তার অধিকবার জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়।