'ভয়ংকর' চ্যালেঞ্জ আবাহনীর সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত লড়তে চায় আবাহনী। ছবি: বাফুফে
শেষ পর্যন্ত লড়তে চায় আবাহনী। ছবি: বাফুফে

এএফসি কাপে নিউ রেডিয়েন্টের বিপক্ষে ম্যাচটির আগে আবাহনীর ভাবনাজুড়ে আছেন আলী আশফাক। তাঁকে বলা হয় ‘দক্ষিণ এশিয়ার মেসি’। তবে কি তারা ভয় পাচ্ছে মালদ্বীপ জাতীয় ফুটবল দলের এই কুশলী ফুটবলারকে। কোচ সাইফুল বারী টিটুর কথাতেও প্রকাশ পেল সেই সমীহ। আশফাককে ‘ভয়ংকর’ তকমা দিচ্ছেন তিনি, ‘আশফাক শুধু ভালো খেলোয়াড় নয়, ভয়ংকরও। ওই দলটাকে নেতৃত্ব দেয়। সেদিন মাজিয়ার বিপক্ষে রেডিয়েন্টের খেলা দেখলাম। আশফাকের গোলেই জিতেছে রেডিয়েন্ট। ওর জন্য আলাদা পরিকল্পনাই করতে হচ্ছে।’

দক্ষিণ এশিয়ার ফুটবলে হাতে গোনা যে কয়েকজন তারকা আছেন, তাঁদের মধ্যে মালদ্বীপের আলী আশফাক অন্যতম। এই মুহূর্তে ভারতের সুনীল ছেত্রীকে বাদ দিলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ আর কুশলী ফুটবলার। বড় তারকাও। তাঁকে নিয়ে আলাদা পরিকল্পনা আবাহনী কোচ করবেন-এটিই তো স্বাভাবিক। মালদ্বীপের জার্সিতে যে খেলোয়াড়টি ৫২টি গোল করেছেন, তাঁকে নিয়ে পরিকল্পনা করাটাও যে কঠিন, সেটিও স্বীকার করলেন সাইফুল বারী। রেডিয়েন্টকেও সে কারণে এগিয়ে রাখছেন এই কোচ, ‘কোনো সন্দেহ নেই রেডিয়েন্ট আমাদের চেয়ে শক্তিশালী দল।’

কেবল আশফাকই নন, রেডিয়েন্টে খেলছেন তিন স্প্যানিশ ফুটবলার। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে দেখে বেড়ে ওঠা এই তিন স্প্যানিশও রেডিয়েন্টকে আবাহনীর চেয়ে শক্তিশালী দলে পরিণত করেছে। আশফাকের সঙ্গেই মধ্যমাঠে আছেন অ্যাঙ্গেল লুইস রুইজ। রক্ষণে দেয়াল হয়ে গোতর ব্লাশ আর নাম্বার ‘নাইন’ গুলিয়াম মার্তি। এশিয়ান কোটায় আফগান ডিফেন্ডার জোহিব আমিরিও আছেন। তিনিও দুর্দান্ত ফুটবলার। যদিও তাঁর খেলা নিয়ে কিছু সংশয় রয়েছে।

তাহলে কি কোনো আশাই নেই আবাহনীর! সাইফুল বারী প্রত্যাশা রাখছেন, ‘আমরা যোগ্যতা অনুযায়ী খেলতে চাই। পরিকল্পনা করে শেষ পর্যন্ত লড়াই করতে পারলে ভালো কিছু হবে। আমরা অবশ্যই সেটি প্রত্যাশা করি।’

যেকোনো বারের চেয়ে আবাহনী এবার বেশ গুরুত্ব দিচ্ছে এএফসি কাপকে। ভালো করতেই হবে, এমন একটা লক্ষ্য ঠিক করে এগোচ্ছে তারা। প্রথমবারের মতো আকাশি-নীলরা এশিয়ান কোটায় দলে ভিড়িয়েছে জাপানি মিডফিল্ডার সেইয়া কোজিমাকে। দলের প্রাণভোমরা ইমন বাবুর অনুপস্থিতি সমস্যা তৈরি করছে। শঙ্কাও জাগাচ্ছে। তবে জাপানি কোজিমা আশা জাগাচ্ছেন সমর্থকদের মনে।

ফুটবলে তো কত কীই হয়! কাল বিকেল সোয়া চারটায় তেমন কিছুর আশা নিয়েই মাঠে যাবেন আবাহনী সমর্থকেরা। মালদ্বীপের ক্লাবগুলোর ওপর বাংলাদেশের ক্লাবগুলোর একসময়ের যে আধিপত্য-সেই সুখস্মৃতিকেই না হয় ‘শক্তি’ বানাক আবাহনী!