'মন বলছিল আবার ফিরব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে শাহজালাল বিমানবন্দরে নেমেই সরাসরি বিকেএসপি। বিকেলেই জাতীয় দলের অনুশীলনে। সেটিরই আগে-পরে অনেক কথা বললেন। মেটালেন তাঁকে নিয়ে জমে থাকা নানা কৌতূহলও। তবে শুধু বঙ্গবন্ধু কাপ নয়, পুরোনো তিক্ততা ভুলে দীর্ঘ মেয়াদে আবার বাফুফের সঙ্গে কাজ করতে আগ্রহী লোডভিক ডি ক্রুইফ।
 বাংলাদেশ থেকে ফিরে গিয়েছিলেন তিক্ততা নিয়ে। আবার ফিরবেন ভাবতে পেরেছিলেন?

দুয়ারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বিশ্রামের সময় নেই। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এসেই মামুনুলদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অনুশীলনে। কাল বিকেএসপিতে l প্রথম আলো
দুয়ারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বিশ্রামের সময় নেই। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এসেই মামুনুলদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অনুশীলনে। কাল বিকেএসপিতে l প্রথম আলো

লোডভিক ডি ক্রুইফ: হ্যাঁ, ভেবেছি। মন বলছিল আবার ফিরব। খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিতই। প্রতিদিন ওদের ২০-২৫টি মেসেজ পেতাম। আসলে ওদের সঙ্গে কাজ করে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ফিরে আসার সেটিও একটা কারণ।
 কিন্তু আপনি বারবার ফেডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন, তাতে ফিরে আসাটা আপনার নিজের কাছেও বড় এক চমক নয় কী?
ডি ক্রুইফ: ঠিক সেভাবে বলব না। ফেডারেশন আমাকে কিন্তু বরখাস্ত করেনি। কিছু পত্রিকা বরখাস্ত শব্দটা লিখলেও সেটা ভুল। আমি কিছু অভিযোগ করেছিলাম, ফেডারেশনও করেছিল। সেই দূরত্বের কারণেই সমঝোতার মাধ্যমে আমার চলে যাওয়া।
 ফিরলেনই যখন, বঙ্গবন্ধু কাপের পর দীর্ঘ মেয়াদে আবার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে?
ডি ক্রুইফ: আমার দিক থেকে সমস্যা নেই। ফেডারেশন কী করবে জানি না। শুধু বঙ্গবন্ধু কাপের জন্যই এখন আমার আসা। ১০ ফেব্রুয়ারি সম্ভবত আমার ফিরতি টিকিট। বঙ্গবন্ধু কাপে খারাপ করলে নিশ্চয়ই ফেডারেশন আমার সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী হবে না, তাই না? কাজেই এই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।
 হাতে সময় মাত্র চার দিন। এই সময়ে ভালো কিছু করতে পারবেন মনে হয়?
ডি ক্রুইফ: ছেলেদের ওপর আমার আত্মবিশ্বাস আছে ষোলো আনা। ওদের আমি চিনি-জানি, ওরা ভালো করবে। আমি আসলে আরও আগেই আসতাম, কিন্তু গত ১৩ জানুয়ারি ক্যানসারে আমার বাবা মারা যাওয়ায় দেরি হলো আসতে। তবে আশা করছি বাংলাদেশের দর্শকদের ভালো কিছুই উপহার দিতে পারব।
 গ্রুপের দুই প্রতিপক্ষ সম্পর্কে আমার ধারণা কেমন?
ডি ক্রুইফ: মালয়েশিয়া আমাদের চেয়ে এগিয়ে। ওদের জাতীয় দলের কয়েকটি ডিভিও দেখেছিলাম, তবে এখানে আসছে অনূর্ধ্ব-২৩ দল। এটা আমাদের জন্য একটা সুবিধা। শ্রীলঙ্কা আমাদের পিছিয়ে। তবে ওরা এই সুযোগ নিয়ে বিপদের কারণ হয়ে উঠতে পারে। সেটা মাথায় রেখেও গ্রুপের দুটি ম্যাচই জিততে চাই। সেমিফাইনালে ওঠাই প্রাথমিক লক্ষ্য। কে জানে, সেমির পর ফাইনালও হয়ে যাবে না! ফুটবলে অনেক কিছুই সম্ভব।
 অনুশীলনে খেলোয়াড়দের কেমন দেখলেন?
ডি ক্রুইফ: ভালোই। আমার পরিকল্পনামতোই এত দিন অনুশীলন হয়েছে। বাংলাদেশ থেকে ১২ হাজার কিলোমিটার দূরে হল্যান্ড। কিন্তু এই যুগে ফোন, ফেসবুকে যোগাযোগ হয় সারাক্ষণ। তা ছাড়া টিটু ভালোভাবে সামলেছে সব দিক। ছেলেদের শারীরিক ও মানসিকভাবে ফিট মনে হলো। এখন ট্যাকটিকস সাজানোই আমার বড় কাজ।
 বঙ্গবন্ধু কাপে ফেবারিট ধরছেন কাদের?
ডি ক্রুইফ: বাহরাইন দারুণ টিম। সিঙ্গাপুরও শক্তিশালী। থাইল্যান্ড গত ১০ বছরে অনেক উন্নতি করেছে। আমার মনে হয়, বাহরাইন খানিকটা এগিয়ে।
 বাংলাদেশ থেকে ফিরে কোথাও চাকরি প্রস্তাব পেয়েছিলেন? পেলে গ্রহণ করলেন না কেন?
ডি ক্রুইফ: এখান থেকে যাওয়ার পর ১০-১৫টি চাকরির প্রস্তাব পেয়েছি পৃথিবীর নানা প্রান্ত থেকে। চাইলে চাকরি নিতেই পারতাম। কিন্তু বাংলাদেশের আমার কাজটা অসমাপ্ত ছিল বলেই ফের এসেছি। আমি ভেবেছি, এ মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে ফেডারেশনের কাছে উপযুক্ত লোক আমি। তা ছাড়া ডাচ কোচরা শিক্ষিত, দুনিয়াব্যাপী তাদের চাহিদা।
 কিসের ভিত্তিতে এটা বলছেন?
ডি ক্রুইফ: দেখুন, ছয় মাস পরপর নতুন কোচ আনলে সেটা কাজ নাও করতে পারে। নতুন কোচ মানে নতুন শুরু। এতে সময় ব্যয় হয়। বাংলাদেশের জন্য ওই পথে হাঁটা কতটা সঠিক ভেবে দেখার বিষয়।
 আপনাকে আবার লম্বা সময়ের জন্য নিয়োগ দিলে যদি বেতন নিয়ে ফের ঝামেলা হয়?
ডি ক্রুইফ: এটা ঠিক, বেতন ঠিকমতো না পেলে আমি কাজ করব না। আপনার ঘরে কী হয় জানি না, আমার ঘরে আমার স্ত্রীই বস। সে সব সময়ই বলে “হেই, আমি মার্কেটে যাব, টাকা দাও...টাকা দাও...।”
 টাকা যদি বাফুফে দিতে না পারে!
ডি ক্রুইফ: এ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে স্পনসর আসবে না সত্যি। আবার সব ঠিক থাকলে আর্থিক সংকট নাও থাকতে পারে। ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তাঁরা চেষ্টা করছেন। দুই পক্ষে বিশ্বাস থাকলে বিয়ে তো হতেই পারে (হাসি)।
 আপনার আগের পাওনা সব মিটিয়েছে ফেডারেশন?
ডি ক্রুইফ: ওটা প্রক্রিয়াধীন। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে জানি। আমি এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি।
 এই কদিনে বাংলাদেশের কোন জিনিসটা বেশি মিস করেছেন?
ডি ক্রুইফ: বিকেএসপির মশা, হা হা হা। উফ্, দেখুন..দেখুন..কেমন কামড়ায় (বিকেএসপির অনুশীলন মাঠ থেকে সন্ধ্যার আলো-আঁধারিতে হোস্টেলে ফিরতে ফিরতে ডি ক্রুইফের মুখে খানিক রসিকতা)!