'মরিনহো ফুটবলের লজ্জা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই মুহূর্তটি। খেলা শেষ হওয়ার আগেই অ্যাস্টন ভিলার ডাগ আউটে এসে রয় কিনের সঙ্গে হাত মেলাতে চাইলেন মরিনহো। ক্রোধান্বিত কিন নিরবেই সহ্য করলেন তাঁর ভাষায় এই ‘অপমাণ’ ছবি: ডেইলি মেইল।
সেই মুহূর্তটি। খেলা শেষ হওয়ার আগেই অ্যাস্টন ভিলার ডাগ আউটে এসে রয় কিনের সঙ্গে হাত মেলাতে চাইলেন মরিনহো। ক্রোধান্বিত কিন নিরবেই সহ্য করলেন তাঁর ভাষায় এই ‘অপমাণ’ ছবি: ডেইলি মেইল।

হোসে মরিনহো এসব ইচ্ছে করে করেন নাকি এসব তাঁর আচরণের অংশ, এনিয়ে বিস্তর গবেষণা হতে পারে। কথা-বার্তা, হাবেভাবে তিনি যে উদ্ধত, সেটা অবিশ্বাস করার লোক খুব বেশি এই পৃথিবীতে নেই। কিন্তু ইদানিং তিনি ​প্রকাশ্যে যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন, তাতে সবাই বলতে বাধ্য হচ্ছে পায়ে -পা দিয়ে ফ্যাসাদ বাঁধানোর অভ্যেসটা তাঁর মজ্জাগতই।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে শীর্ষ স্থানেই আছে তাঁর দল চেলসি। দলের সাফল্যযাত্রায় তিনি কী বিনয় ভুলে গেলেন? সম্প্রতি, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে মাঠেই বচসায় লিপ্ত হয়েছিলেন। অন্যকে খোঁচা মেরে বলা বিভিন্ন কথাবার্তা তো আছেই, ​ব্রিটিশ সংবাদ মাধ্যমে আজ উঠে এসেছে তাঁর আরও একটি বাজে আচরণের কাহিনি। দুই সপ্তাহ আগে অ্যাস্টন ভিলার সঙ্গে চেলসির ম্যাচে পুরো সময় অতিবাহিত হওয়ার আগেই প্রতিপক্ষের কোচ ও সহকারি কোচের কাছে গিয়ে করমর্দনের অভিপ্রায় ব্যক্ত করা তাঁর সর্বশেষ উদ্ধত আচরণ হিসেবেই উঠে এসেছে সবার সামনে।
অ্যাস্টন ভিলার সহকারি কোচ আবার রয় কিন। যিনি সম্প্রতি তাঁর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড প্রকাশ করে তোলপাড় ফেলেছেন ​ইংল্যান্ডময়। চেলসির বিপক্ষে ম্যাচে তাঁর দল ৩-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় মরিনহোর করমর্দনের অভিপ্রায়কে তিনি দেখছেন ‘চূড়ান্ত অপমাণ’ হিসেবেই। ঘটনাটা দুই সপ্তাহ আগের হলেও এনিয়ে কিন কথা বলেছেন গত ৯ অক্টোবর, তাঁর আত্মজীবনীর মোড়ক উন্মোচন মঞ্চে। তিনি বলেছেন, ‘মরিনহোর এ ধরনের আচরণ অপমাণজনক এবং লোকটি ফুটবলের জন্য একটা বিরাট লজ্জা। তাঁর কতবড় সাহস, সে খেলা শেষ হওয়ার আগে আমার সঙ্গে করমর্দন করতে আসে। সে কী মনে করে নিজেকে!’
রয় কিন নাকি এই ঘটনায় প্রচণ্ড খেপে গিয়েছিলেন। এতটাই খেপেছিলেন যে আর একটু হলে মরিনহোর মুখে দুম করে একটা ঘুষিই বসিয়ে দিতেন। করমর্দন করতে অ্যাস্টন ভিলা ডাগ আউট এসে মরিনহো যখন কিনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন, তখন কিন পর্তুগিজ কোচকে উপেক্ষা করে সোজা তাকিয়ে থাকেন মাঠের দিকে। ফটোগ্রাফারের ক্যামেরায় ওই মুহূর্তের যে ছবিটি ধরা পড়েছে, তাতে স্পষ্টতই ​রয় কিনের মখে বিরক্তি ও ক্রোধ ফুটে উঠেছে। অ্যাস্টন ভিলা কোচ পল ল্যাম্বার্টও মরিনহোর এই ‘আবদার’ ফিরিয়ে দিয়েছেন। তিনি অবশ্য রয় কিনের মতো মরিনহোকে উপেক্ষা করেননি বরং ক্ষুব্ধতা চেপে রেখে তাঁকে বলেছেন, ‘খেলাই তো এখনো শেষ হয়নি। করমর্দনের জন্য সময়টা খুব তাড়াতাড়ি হয়ে যায় না? সবকিছুরই তো একটা নির্দিষ্ট সময় আছে।’ সূত্র: মেইল অনলাইন।