'মাঠে এনজো শুধুই খেলোয়াড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে এনজোর সঙ্গে জিদান
ছেলে এনজোর সঙ্গে জিদান

খেলোয়াড় হিসেবে তিনি সর্বকালের সেরাদের একজন। তবে কোচ হিসেবে জিনেদিন জিদানের ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ক্লাবটির ‘বি’ দল কাস্তিয়ার কোচ হিসেবে এটি তাঁর দ্বিতীয় মৌসুম। যে দলের অধিনায়ক তাঁর ছেলে এনজো জিদান। ফরাসি দৈনিক লেকিপ-এর সঙ্গে ছোট এই সাক্ষাৎকারে জিদান কথা বলেছেন তাঁর খেলোয়াড়ি জীবন, কোচিং ক্যারিয়ার ও ছেলেদের নিয়ে
 খেলোয়াড়ি জীবনের দর্শন
মাঠে গোল করার চেয়ে গোল তৈরি করে দেওয়াই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখনকার খুব কম খেলোয়াড়ই আছে, যারা আমার মতো এই কথাটা বলতে পারবে। কিন্তু আমার জন্য সেটাই সত্যি ছিল। আমি আমার সতীর্থদের আনন্দ দিতে খেলতাম।
 ফুটবলার হিসেবে বেড়ে ওঠা
মার্শেইয়ের রাস্তায় ফুটবল খেলে আমার বেড়ে ওঠা। ওই কারণে আমি অনেক নতুন কিছু চেষ্টা করতাম। খেলতাম তো বন্ধুদের সঙ্গে, সেখানে কোনো নিয়মের বালাই ছিল না। যার যেভাবে খুশি খেলত। ওটাই ছিল আনন্দের জীবন। পেশাদার হয়ে খেলে তো আর ওই আনন্দে খেলার স্বাধীনতাটা থাকে না। থাকে, তবে শুধু মাঠের ফাইনাল থার্ডে।
এনজো জিদানকে নিয়ে
সে আমার দলে অনেক খেলছে। এর কারণ তার সেই যোগ্যতা আছে। ড্রেসিংরুমে সে আমার কাছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই। বাসায় আমি তার বাবা। কিন্তু সে যখন মাঠে আসে তখন সে আমার কাছে শুধুই একজন খেলোয়াড়। আর সে নিজেই এটাই চায়। আমি বরং ওর কাছ থেকে একটু বেশি চাই, কারণ আমি জানি সেটা দেওয়ার সামর্থ্য ওর আছে।
চার ছেলের ভবিষ্যৎ
অনেকে বলে আমার ছেলে হওয়ায় ওদের অনেক কিছুই সহজ হয়ে গেছে। কিন্তু আসলে তা নয়। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিজের একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে। আমার তো মনে হয় ওটা তাদের জন্য আরও কঠিন, কারণ তারা আমার ছেলে।
 ফুটবলের তখন-এখন
এখনকার ফুটবল আমাদের সময়ের চেয়ে অনেক আলাদা। এখন সামাজিক যোগাযোগমাধ্যম আছে। সবকিছুই মুহূর্তে সবার সামনে চলে আসে। আমাদের সময় তো এসব কিছুই ছিল না। আমরা শান্তিতে ছিলাম। আমরা সৌভাগ্যবান, কারণ নিজের মতো করে সবকিছু উপভোগ করতে পারতাম। আমরা জীবনের মজাটুকু নিয়েছি, নিজের মতো করে যা ইচ্ছে তাই করেছি।