'মাতাল' ভিদাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির সেরা খেলোয়াড়দের একজন তিনি। এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতায় দুই ম্যাচে করেছেন তিন গোল। সর্বশেষ মেক্সিকোর বিপক্ষে চিলির ৩-৩ গোলে অমীমাংসিত ম্যাচে তাঁর অবদান দুটি। সেই আর্তুরো ভিদালকেই কিনা গ্রেপ্তার করতে হল সান্তিয়াগো পুলিশকে। মদ খেয়ে উল্টো-পাল্টা গাড়ি চালালে পুলিশ আর কীইবা করতে পারে! আইন তো সবার জন্যই সমান।
গতকাল মঙ্গলবারের ঘটনা এটি। সান্তিয়াগো শহরের বাইরে দুর্ঘটনায় পতিত হয় ভিদালের গাড়ি। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখে চিলিয়ান ফুটবলার গাড়ি চালাচ্ছিলেন মদ্যপ অবস্থায়। সঙ্গে সঙ্গেই তাঁর হাতে হাতকড়া লাগিয়ে দেয় তারা। চিলির ট্র্যাফিক আইনে নাকি মদ্যপ অবস্থায় গাড়ির চালকের আসনে বসা সম্পূর্ণ নিষিদ্ধ।
আপাতত হাজতেই আছেন ভিদাল। তিনি কখন ছাড়া পাবেন, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাগুলো। সূত্র: এএফপি।