'মান্ধাতা' দিয়েই রোনালদোর 'মোটু'র জবাব

প্রশংসা ছিল, সঙ্গে ছিল কড়া সমালোচনাও। রোনালদো ফ্যাবিও ক্যাপেলোর প্রশংসাটুকু গ্রহণ করেছেন সানন্দে, পাল্টা প্রশংসাও করেছেন। আবার কড়া সমালোচনার জবাব দিয়েছেন আরও কড়া ভাষায়। সব মিলিয়ে মনে হচ্ছে, ইতালিয়ান এই কোচের সঙ্গে কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের একটা জমজমাট বিতর্কই হচ্ছে।
২০০৬-০৭ মৌসুমে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্যাপেলো। ওই সময় তাঁর অধীনে খেলেছেন দ্য ফেনোমেনন—রোনালদো। যদিও রিয়ালের ‘তারকাপুঞ্জে’র তখন নিভু নিভু দশা। লুইস ফিগো দল ছেড়েছেন বহু আগে। জিনেদিন জিদান অবসরে চলে গিয়েছেন। ক্লাবটি সর্বশেষ শিরোপা জিতেছে তারও তিন বছর আগে।
ক্যাপেলোর ভাষ্যমতে, ওই সময়ে রোনালদোর ওপরে তাঁর যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ করতে পারেননি সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সমালোচনা করে তাই বলেছিলেন, ‘আমি কোচিং করিয়েছি এমন খেলোয়াড়ের মাঝে রোনালদোই সেরা। সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু দলের জন্য বাজে দৃষ্টান্ত তৈরি করেছিল। প্রাক মৌসুমে সে যখন মাদ্রিদে এল, তখন তার ওজন ছিল ৯৬ কেজি! আমি তাঁর ওজন ৮৮-৯০ এ নামাতে বললাম। সেটি সে করেনি।’
যার ফল, ওই মৌসুমের মাঝামাঝি রিয়াল ছেড়ে মিলানে পাড়ি জমাতে হয় রোনালদোকে। তাঁকে ছাড়াই ওই মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল। তবে টিকতে পারেননি ক্যাপেলোও। অতিরক্ষণাত্মক কৌশল ও খেলোয়াড়ের সঙ্গে আচরণগত সমস্যার কারণে মৌসুম শেষেই সান্তিয়াগো বার্নাব্যু থেকে বিদায় নিতে হয় ক্যাপেলোকে। রোনালদো বলেছেন, ক্যাপেলোর কোচিং কৌশল এ সময়ে অচল।
ক্যাপেলোর সমালোচনার জবাব দিতে গিয়ে এই প্রসঙ্গটাই টেনেছেন রোনালদোও, ‘ক্যাপেলো তাঁর সময়ে, মানে নব্বইয়ের দশকে সেরা কোচদের অন্যতম। কিন্তু তিনি যখন রিয়ালে এলেন তখন সেরা সময়টা পেছনে ফেলে এসেছিলেন। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার মতো কিছু অবশিষ্ট ছিল না তাঁর মধ্যে। যার প্রমাণ, রিয়াল থেকে বিদায়ের পর আর কোনো ক্লাবের কোচ হতে পারেননি তিনি।’
রোনালদোর দাবির পরের অংশটা অবশ্য সত্য। রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাবের কোচ ছিলেন না ক্যাপেলো। ২০০৮ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন, তাঁর অধীনে ২০১০ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এর পর ২০১২ সালে ক্যাপেলো রাশিয়ার কোচ হন। তবে ২০১৪ বিশ্বকাপে রাশিয়া গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এ বছর জুলাইতে তাই তাঁকে বরখাস্ত করে রাশিয়ান ফুটবল ফেডারেশন। ইএসপিএন।