'মান্যবর' বাংলাদেশ প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো সিটিসেল, কখনো গ্রামীণফোন বা নিটোল-টাটা নামে দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এবার সেই নাম পাল্টে হলো ‘মান্যবর’ প্রিমিয়ার লিগ।
‘মান্যবর’ মূলত তৈরি পোশাকশিল্প আভা গ্রুপের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাল প্রতিষ্ঠানের একটি চুক্তি সই হয়ে গেল। আপাতত এক বছরের জন্য চুক্তি। তবে আরও পাঁচ বছর বাফুফের সঙ্গে থাকার আগ্রহ আছে এই প্রতিষ্ঠানের। যদিও চুক্তির আর্থিক বিষয়টি কাল কোনো পক্ষই পরিষ্কার করেনি। তবে জানা গেছে, অঙ্কটা এক কোটি টাকার কিছু বেশি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন, ‘সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশের ফুটবল একদিন ঠিকই সর্বোচ্চ পর্যায়ে যাবে। ফুটবলের উন্নয়নে এসব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।’
কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ফেডারেশনের পক্ষে সই করেন প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। মান্যবরের পক্ষে সই করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী।
আগামীকাল থেকে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডির মুখোমুখি হবে ফরাশগঞ্জ।