'মিরাকল' হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজবেক তরুণদের বাঁধনহীন আনন্দ! ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। সেটির মর্যাদা রেখে তিন ম্যাচেই দাপুটে জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে উজবেকিস্তান। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে l শামসুল হক
উজবেক তরুণদের বাঁধনহীন আনন্দ! ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। সেটির মর্যাদা রেখে তিন ম্যাচেই দাপুটে জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে উজবেকিস্তান। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে l শামসুল হক

‘মিরাকল’ কিছুর আশায় ছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী। কিন্তু তা হলো না। উজবেকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানেই (৪-০)।
তিন ম্যাচে চার পয়েন্ট—সেরা পাঁচ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার কোনো সুযোগই থাকল না বাংলাদেশ দলের। ছয় পয়েন্ট নিয়ে সেরা রানার্সআপ হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠে গেছে অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড ও ফিলিস্তিন।
তবে চূড়ান্ত পর্বের ট্রেন ধরতে না পারলেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশই শীর্ষে। বাংলাদেশ তিন ম্যাচে তিন গোল দিয়ে খেয়েছে পাঁচটি। এ অঞ্চলের অন্য দলগুলোর মধ্যে নেপাল প্রথম ম্যাচেই দশ গোলে ভেসেছে ইরানের কাছে, ভারতকে সাত গোলে বিধ্বস্ত করেছে আরব আমিরাত। দক্ষিণ এশিয়ায় অন্য কোনো দলের চার পয়েন্ট হচ্ছে না। চাইলে এটিকে ‘সাফল্য’ বলে দাবি করতে পারে বাংলাদেশ।
কিন্তু প্রত্যাশা যেখানে ছিল চূড়ান্ত পর্বে যাওয়া, তা পূরণ না হওয়ার হতাশাই পেয়ে বসেছে বাংলাদেশকে। ঘরের মাঠে ভুটানকে হারাতে পারলে হয়তো সেই চূড়ান্ত পর্বের সুযোগ থাকত। কোচ সাইফুল বারী তো বললেনও, ‘আমাদের খুব ভালো সুযোগ ছিল এবার।’ কিন্তু সেটি না হওয়ায় কাল ম্যাচের পর মেনে নিলেন বাস্তবতা, ‘ফেডারেশন যথেষ্ট চেষ্টা করেছে। প্রস্তুতিও ছিল ভালোই। কিন্তু এই পর্যায়ের ফুটবলে আমরা অনেক পিছিয়ে। তাই আরও খেলোয়াড় তুলে আনার কোনো বিকল্প নেই। আরও অনেক বেশি কাজ করতে হবে। আরও মেধাবী ফুটবলার তুলে আনা দরকার।’

তারপরও কোচের বিশ্বাস ছিল রোহিত, রাব্বিরা পারবেন। কিন্তু ঘরের মাঠে তাঁরা খেই হারিয়ে ফেললেন। কাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানকে ২-০ গোলে হারানোর পরই ঠিক হয়ে যায়, উজবেকিস্তানের কাছে হারলেও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ। কিন্তু চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে লাভ নেই—এই বাস্তবতা জেনে পাঁচ ডিফেন্ডার নিয়ে বাংলাদেশ চেয়েছে প্রথমার্ধটা গোলশূন্য রাখতে। দ্বিতীয়ার্ধে যাতে জয়ের সুযোগ নেওয়া যায়।

কিন্তু দ্বিতীয় মিনিটেই বাজে গোল হজম। জটলার মধ্যে কোনাকুনি শটে বল জালে পাঠান মিডফিল্ডার ইব্রাজিমভ। গোল খেয়ে আক্রমণে ওঠা বাংলাদেশ সুবিধা করতে পারছিল না উজবেকদের ছক কষা ফুটবলের সামনে। দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গতিতে। শেষ তিনটি গোল সেই গতিরই ফসল। সঙ্গে বুদ্ধির মিশেলে পরিস্থিতির দাবি মিটিয়ে ম্যাচটা সহজেই পকেটে পুরেছে অনুমিতভাবে গ্রুপ-সেরা হওয়া উজবেকিস্তান।

৬২ মিনিটে দ্বিতীয় গোলটি হওয়ার আগ পর্যন্ত তুলনামূলক কিছুটা ভালো খেলছিল বাংলাদেশ। কিন্তু ইব্রাজিমভ তাঁর ও দলের দ্বিতীয় গোল করতেই ম্যাচের ছবি পাল্টাতে থাকল। বক্সের ভেতরে তাঁকে সুযোগ করে দেন বাংলাদেশ দলের ডিফেন্ডাররা। ৮০ মিনিটে বদলি ফরোয়ার্ড ববির শটে লক্ষ্যভেদ, যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন আরেক বদলি মিডফিল্ডার নুরুল্লভ। চার গোলের হার বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়ে দিল ভালোভাবেই।