'মিসরের মমির মতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে ভাবতে পেরেছিল, মাটির নিচের গুদামে লোকচক্ষুর আড়ালে এ রকম একটা রতন পড়ে আছে? বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির বেদিমূলে এত দিন নিখোঁজ ছিল। আসল জুলে রিমে ট্রফির সেই অংশটি পাওয়া গেছে ফিফার সদর দপ্তরের গুদামেই।
১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত বিশ্বকাপজয়ী দলগুলোর নাম খোদাই করা আছে ট্রফির ওই বেদিমূলে। পরে ১৯৫৪ বিশ্বকাপের আগে বেদিটা বাদ দিয়ে ট্রফিটা সংস্কার করা হয়। ১৯৭০ বিশ্বকাপে তৃতীয়বারের মতো শিরোপা জিতে ট্রফিটা নিজেদের করে নেয় ব্রাজিল। কিন্তু ১৯৮৩ সালে হারিয়ে যাওয়ার পর আর সেটির খোঁজ পাওয়া যায়নি।
আসল জুলে রিমে ট্রফির বেদিমূলটা পাওয়ার পর ফিফা জাদুঘরের পরিচালক ডেভিড অসেইল বলেছেন, ‘আমার মনে হয় না, জুলে রিমের পর কোনো ফিফা সভাপতি এটা দেখেছেন। আমরা মনে করেছিলাম, এটা ব্রাজিলেই হারিয়ে গেছে (১৯৫০ সালের বিশ্বকাপটা ব্রাজিলে হয়েছিল)। এটা অনেকটামিসরের মমির মতো। এটা এমন একটা পারিবারিক অলংকারের মতো, অর্থ দিয়ে যেটির মূল্য মাপা যায় না।’
১০ সেন্টিমিটার লম্বা এই বেদিমূলটি জুরিখের ফিফা জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে। মার্চ থেকেই দর্শনার্থীরা এটা দেখতে পাবেন। বিবিসি।