'মুক্তি' পাচ্ছেন আট ফুটবলার
‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই’-এর মতো বাফুফের আইন থাকলেও প্রয়োগের বড়ই অভাব। তাই দুই ক্লাব থেকে টাকা নিয়ে বছর বছর ঝামেলা পাকানো খেলোয়াড়দের বিরুদ্ধে বা দোষী ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বাফুফে। এবার যেমন আট ফুটবলারের বিরুদ্ধে গত দুবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ক্লাবের অভিযোগ ছিল, এঁরা তাদের কাছ থেকে টাকা নিয়ে অন্য দলে নাম লিখিয়েছেন। বিষয়টাকে শেখ জামাল নিয়ে গেছে সর্বোচ্চ আদালতেও।
তবে আপিল বিভাগ গত ১৩ এপ্রিল রায়ে বলেছেন, বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিই বিষয়টা সুরাহা করবে। ফিফার নিয়মেও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিই এসব ব্যাপারে সর্বেসর্বা। তাই ২৬ মে আদালতের রায়ের কপি হাতে পাওয়ায় ১৫ দিন অর্থাৎ ৮ জুনের মধ্যে কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেদিকেই তাকিয়ে সবাই। কমিটি আজ সভায় বসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লাগতে পারে আরেকটি সভা।
মামুনুল, নাসির চৌধুরী, সোহেল রানা, রায়হান ও ইয়ামিন মুন্না এবার দলবদলে শেখ জামাল ছেড়ে নাম লিখিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে। জামাল ভুঁইয়া, আলমগীর রানা শেখ রাসেলে, আবাহনীতে গোলরক্ষক সোহেল। এই খেলোয়াড়দের জমা দেওয়া কাগজপত্র সব নতুন দলের পক্ষে হওয়ায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত কী হতে পারে, তা অনুমেয়ই। অর্থাৎ শেখ জামালের এই খেলোয়াড়দের আর না পাওয়ার সম্ভাবনাই ৯৯ ভাগ।
কিন্তু বড় প্রশ্ন, দুই ক্লাব থেকে টাকা নিলেও বাফুফে শান্তি দেয় না কেন? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলছেন, ‘এমন অভিযোগ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিই দেখে। তবে নানা কারণে আইনের প্রয়োগ এখনো আমরা ভালোভাবে করতে পারছি না। ভবিষ্যতে করতেই হবে।’ মামুনুল অবশ্য দায়টা দিলেন ক্লাবকেই, ‘কোনো কোনো ক্লাব জোর করে টাকা দিলে সেই দায়িত্ব ওই ক্লাবেরই নেওয়া উচিত।’