'মুক্ত' কুকের কাছে স্ট্রাউসের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু স্ট্রাউস
অ্যান্ড্রু স্ট্রাউস

নেতৃত্বের চাপ যে কী, যে সয়েছে, সে-ই শুধু এটা বোঝে। অ্যালিস্টার কুক সেই চাপ থেকে এখন মুক্ত। ‘বোঝাটা’ কাঁধ থেকে নিজেই ঝেড়ে ফেলেছেন। সদ্য সাবেক হওয়া ইংল্যান্ডের এই অধিনায়কের বয়স মাত্র ৩২। উত্তরসূরি অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্বাস, দেশের হয়ে আরও কয়েক বছর খেলতে পারবেন কুক। অধিনায়কত্বের চাপমুক্ত এই ব্যাটসম্যান দেশকে আরও অনেক কিছুই দিতে পারবেন।

২০১২ সালে স্ট্রাউসের কাছ থেকেই নেতৃত্ব পেয়েছিলেন কুক। সেই বছরই ভারত সফরে সাফল্যে ভেসেছিলেন। তাঁর নেতৃত্বেই ২৮ বছর পর ভারতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তিনটি সেঞ্চুরিতে ব্যাটসম্যান কুকও ছিলেন সফল। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান (১১ হাজার ৫৭) এখন তাঁর। দেশকে রেকর্ড ৫৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া কুক অনেক দিন ধরেই ঠিক নিজের সেরা ছন্দে নেই। সর্বশেষ ভারত সফরে পাঁচ টেস্টে মাত্র এক সেঞ্চুরি ও এক ফিফটি। ইংল্যান্ডও সিরিজ হেরেছে ৪-০ ব্যবধানে।

একসময় উদ্বোধনী জুটিতে কুকের সঙ্গী ছিলেন স্ট্রাউস। এখন যিনি ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক। নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে আগেই মনস্থির করে রেখেছিলেন কুক। তবে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে বিষয়টি নিয়ে স্ট্রাউসের সঙ্গে কথা বলেছেন। দুজনের আলাপচারিতা চলেছে প্রায় দেড় সপ্তাহ। এই সময়ের মধ্যে একবারও কুককে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রভাবিত করেননি স্ট্রাউস, ‘আমরা কখনোই ওই ধরনের কথা বলার পর্যায়ে যাইনি। যখন একজন অধিনায়ক নিজেই বুঝতে পারে যে তার আর কতটা দেওয়ার আছে, এই সিদ্ধান্তও সে নিজেই নিতে পারে।’

স্ট্রাউস হয়তো আরও একটি কারণে কুককে অধিনায়কত্ব চালিয়ে যেতে অনুরোধ করেননি। নেতৃত্বের বেড়ি থেকে মুক্তি পাওয়ায় নিজের ব্যাটিং নিয়ে কুক আরও বেশি ভাবতে পারবেন বলে মনে করেন স্ট্রাউস, ‘আমি মনে করি, অধিনায়কত্ব আর ভালো পারফর্ম করার দ্বৈত চাপ সামলাচ্ছিল ও। আমিসহ অন্যরাও এটা নিয়ে লড়াই করেছি। আমার বিশ্বাস, অধিনায়কত্বের চাপমুক্ত হওয়াটা ওকে অনেক সতেজ করে করে তুলবে। ওর বয়স এখন মাত্র ৩২। এখনো হয়তো তিন বা চার বছর খেলতে পারবে। আর এখন শুধুই নিজের খেলায় মনোযোগ দিতে পারবে।’

কুকের নেতৃত্বে ইংল্যান্ড দল যেন একেবারেই বদলে গিয়েছিল। সতীর্থদের কাছে তিনি ছিলেন ‘প্রিয়’ এক ব্যক্তিত্ব। তাঁকে কাছ থেকে দেখা স্ট্রাউসের মনে হয়েছে নিজেকে নয়, অধিনায়ক কুক সব সময় দল নিয়েই ভাবতে ভালোবাসতেন, ‘নিশ্চিত করেই সে কখনো ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবেনি।’ এএফপি