'মেসি আমাদের সব সময় বাঁচাবে না'

সবাই লিওনেল মেসির কথাই বলে। কিন্তু আসল ‘খলনায়ক’ তো গঞ্জালো হিগুয়েইন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল বলুন কিংবা পরের বছরের কোপা আমেরিকার ফাইনাল। গোলের সহজতম সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই স্ট্রাইকার। পরেরবার তো কোপার ফাইনালের টাইব্রেকারে এমন শট নিলেন, সে নিয়ে আজও ঠাট্টা হজম করতে হয়।
এটাও সত্যি, পুরো চাপ মেসির ওপর এসে পড়ে বলেই হয়তো টানা দুই বছর দুটি ফাইনালে আর্জেন্টিনা অধিনায়কও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কিন্তু মেসিকে মেসির মতো খেলতে দিতে হলে এই চাপ সরানোর বিকল্পও যে নেই, ভালো করেই জানেন জেরার্ডো মার্টিনো। আজ কোপা আমেরিকার ড্রয়ের পর আর্জেন্টিনা কোচ আরও একবার মনে করিয়ে দিলেন, দলের বাকিদের দায়িত্ব নিতে হবে। মেসি সব সময় বাঁচাতে পারবেন না। এটাই স্বাভাবিক।
মার্টিনো বলেছেন, ‘লিও সব সময় আমাদের ত্রাণকর্তা হয়ে উঠতে পারবে না। এটা বরং এমন হওয়া উচিত, দলেরই দায়িত্ব হবে ওকে সাহায্য করা।’
গত কোপায় একটি গোল করেছিলেন, তিনটি করিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত স্বাগতিক চিলির সঙ্গে টাইব্রেকারে হেরে আবারও শিরোপা থেকে বঞ্চিত হওয়া। এবার সেই চিলিকেই গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে প্রতিশোধ নিয়েই ২০১৬ কোপা আমেরিকা শুরু করার সুযোগ আর্জেন্টিনার সামনে। গতবারের ফাইনাল আক্ষেপ মার্টিনোকে যেন এখনো পোড়ায়, ‘আমি চাইব চিলির সঙ্গে আবারও ফাইনালে মুখোমুখি হতে, অবশ্যই তার ফলাফল হতে হবে অন্য রকম।’
গ্রুপ পর্বে প্রতি ম্যাচের মাঝখানে চার দিন করে বিরতি। তবে সেই তিন ম্যাচ খেলতে যেন যুক্তরাষ্ট্র চষে বেড়াতে হবে আর্জেন্টিনাকে। তিনটি ম্যাচ যে ভিন্ন তিনটি অঙ্গরাজ্যে। তিনটি ম্যাচ সান্তা ক্লারা, শিকাগো আর সিয়াটলে। এটি নিয়েও ভাবছেন মার্টিনো, ‘দূরত্ব অবশ্যই আমাদের উদ্বিগ্ন করছে।’
তবে আসল উদ্বেগ তো অবশ্যই ট্রফি আর আর্জেন্টিনার মাঝখানের অন্তর্বর্তী অলঙ্ঘনীয় হয়ে থাকা দূরত্বটাই!