'মেসি আর্জেন্টাইন নাকি সুইডিশ?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির ওপর চটেছেন ম্যারাডোনা ছবি: এএফপি
মেসির ওপর চটেছেন ম্যারাডোনা ছবি: এএফপি

লিওনেল মেসির ওপর বেজায় চটেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভের হেতুটা অবশ্য বোধগম্যই। ম্যারাডোনার মনে ঘুরপাক খাচ্ছে সেই চিরন্তন প্রশ্ন, যে মেসি বার্সেলোনার হয়ে গোল করে ফাটিয়ে দেয়, সেই মেসি কোপা আমেরিকায় করেছে মাত্র একটি গোল! ক্ষোভের সঙ্গেই মন্তব্য করেছেন, সময় এসেছে মেসিকে নিয়ে বাড়াবাড়ির পরিমাণটা একটু কমানোর! ’
কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারটা কেন যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ম্যারাডোনা। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা মনে করেন, সান্তিয়াগোর ফাইনালে আর্জেন্টিনা অবশ্যই ফেবারিট ছিল। ম্যাচটা জেতা উচিত ছিল আর্জেন্টিনারই। এমনকি খুব বাজে খেলেও। কিন্তু শেষ অবধি তা হয়নি। উল্টো টাইব্রেকারে হেরেই মাথা হেঁট করতে হয়েছে আমাদের।’
আর্জেন্টাইন পত্রিকা ওলের সঙ্গে এক সাক্ষাৎকারে মেসিকে বিদ্রূপের কাঁটায় বিঁধতে ছাড়েননি ম্যারাডোনা, ‘আমাদের একজন খেলোয়াড় আছে, যে কিনা বিশ্বসেরা! সে রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে চার গোল ঠিকই করে, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে লবডঙ্কা! আরে মেসি, তুমি আর্জেন্টাইন নাকি সুইডিশ? ’
ম্যারাডোনা ভেবে পান না, এই মেসিকে নিয়ে কেন এত বাড়াবাড়ি! কেন তাঁকে অন্য চোখে দেখা হয়। তাঁর মতে, মেসিকে এখন থেকেই কম পাত্তা দেওয়া শুরু করতে হবে। তাঁকে অন্য খেলোয়াড়দের সঙ্গে একই কাতারে রাখতে হবে। জাতীয় দলের গর্বের জার্সিটা অন্য দশজনও শ্রম দিয়ে অর্জন করেছে, তবে কেন ওদের মেসির চেয়ে পিছিয়ে রাখা হবে? ’
এরপর ম্যারাডোনাসুলভ কিছু বাক্যই বেরিয়ে এসেছে তাঁর মুখ থেকে। প্রচণ্ড ক্ষোভ ও না পাওয়ার হাহাকারটা এই কথাগুলোর মধ্যে বেশ স্পষ্টই, ‘যারা বলেন যে মেসি দিনকে দিন উন্নতি করছে, তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যারা সমীক্ষা চালাচ্ছেন যে মেসি আর জাতীয় দলে খেলবে কিনা, তাদের সম্পর্কেও আমার কোনো বক্তব্য নেই। আমি কেবল একটা প্রশ্নই করতে চাই, আর কত দিন বিভিন্ন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে কাটাতে হবে আমাদের।’ সূত্র: মার্কা