'মেসি এলিয়েন, ভালোবেসে মানুষদের সঙ্গে খেলে'

লিওনেল মেসিকে কাছে পেলে আপনি কি করতেন? হয়তো বলবেন, একটু ছুঁয়ে দেখতে চাই। মেসি সত্যি মানুষ নাকি ভিনগ্রহের প্রাণী—একটু পরখ করতে চাই! জিয়ানলুইজি বুফনও মেসিকে ভিনগ্রহের প্রাণীই মনে করেন। জুভেন্টাস গোলরক্ষকের দাবি, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি স্রেফ ভালোবেসে মানুষদের সঙ্গে খেলে!
৬ জুন, বার্লিনে বার্সা-জুভ চ্যাম্পিয়নস লিগের মহারণ। এদিন মেসিকে ঠেকানোর ভার বুফনেরই। অথচ কোথায় কথার তোপ দাগবেন, মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমে পড়বেন—সেসব শিকেয় তুলে মেসির প্রশংসায় মেতেছেন জুভেন্টাস অধিনায়ক। ১৪ বছর ধরে তুরিনের বুড়িদের ডেরায় রয়েছেন বুফন। তবে ইতালির কিংবদন্তিতুল্য এ গোলরক্ষকের কখনো হাতে তোলা হয়নি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এবার সেই সুযোগ সামনে। জানেন, সেদিন মেসি মেসির মতো খেললে সেই স্বপ্ন পূরণ হবে না। বয়স ৩৭ হয়ে গেছে। এবার না জিতলে আর কখনো জেতা হবে কি না, তাও নিশ্চিত নন। বিশ্বকাপ জিতেছেন, অথচ চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি—এই আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে হবে।
বুফন তাই খুব করে চাইছেন এবার ট্রফিটা জিততে। কিন্তু ওই যে, মেসি নামের একজন এলিয়েন আছে। বুফন বলছেন, ‘মেসি একটা এলিয়েন। ভালোবেসে মানুষের সঙ্গে খেলে। আশা করব এই শনিবার (৬ জুন) ও আমাদের মতো সাধারণ এক রক্ত মাংসের মানুষ হয়ে থাকবে।’
এই মৌসুমে বার্সার হয়ে ডাবল জেতা হয়ে গেছে মেসির। লা লিগা ও কোপা ডেল রে জয়ের পর চোখ এখন ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে। ট্রেবল জেতার পথে মেসি-নেইমার-সুয়ারেজদের আটকাতে কী কৌশল ফাঁদছে জুভরা? বুফন বললেন, ‘তাদের থামাতে নয়, আমাদের লক্ষ্য থাকবে ওরা যাতে বিপৎসীমা অতিক্রম করতে না পারে। সে অনুযায়ী আমরা আমাদের অস্ত্র ব্যবহারের চেষ্টা করব।’ তথ্যসূত্র: ইএসপিএন।