'মেসি জাদুকরী, রোনালদো নয়'

লা লিগায় রোনালদিনহোর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ এক গোল করলেন লিওনেল মেসি। বার্সার হয়ে মেসির সেটা প্রথম গোল! উদযাপনের সময় রোনালদিনহো কাঁধে তুলে নিলেন মেসিকে। কাঁধে চড়ে বার্সা ফরোয়ার্ড দুই হাতে পাখা মেলে ওড়ার ভঙ্গি করলেন। এখনো সে ‘ওড়া’ অব্যাহত রেখেছেন মেসি। তবে রোনালদিনহোর ক্যারিয়ারটা অস্তগামী। নিজেদের দুটি পথ হলেও মেসি সম্পর্কে উঁচু ধারণাই পোষণ করেন ব্রাজিলিয়ান তারকা। রোনালদিনহোর মতে, মেসি জাদুকরী; ক্রিস্টিয়ানো রোনালদো নয়!
এবারও ব্যালন ডি’অর পুরস্কার লড়াইয়ে মেসি-রোনালদো। দুজনের পাশে নতুন যোগ হয়েছেন ম্যানুয়েল নয়্যার। কথা হলো, মেসি-রোনালদোর মধ্যে কে সেরা? এ ব্যাপারে রোনালদিনহোর জবাব, ‘রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড়। কিন্তু দুজনের মধ্যে মেসিই এগিয়ে। কারণ, ওর কাছে জাদু আছে।’
বার্সার মূল দলে মেসির সুযোগ পাওয়ার স্মৃতি মনে করে রোনালদিনহো বললেন, ‘আমরা খেলোয়াড়েরা ফ্রাঙ্ক রাইকার্ডকে (তখনকার বার্সা কোচ) বলেছিলাম মেসিকে মূল দলের অনুশীলনে নিয়ে আসতে। এরপর তো বাকিটা সাফল্যে মোড়া এক গল্প।’ গোলডটকম, মেইল অনলাইন।