'মেসি টাকার কাঙাল নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসেন বলেই বার্সেলোনায় খেলেন মেসি। ফাইল ছবি
ভালোবাসেন বলেই বার্সেলোনায় খেলেন মেসি। ফাইল ছবি

যে বার্সেলোনাকে এত এত কিছু দিয়েছেন, সেই ক্লাবেরই সমর্থকদের একটা অংশ তাঁর আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিল। লিওনেল মেসি তো শুধু এক তরফা দেননি, পেয়েছেনও। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো তাঁকে ছাপিয়ে যাওয়ার পর মেসি নাকি নাখোশ হয়েছিলেন। সেই প্রভাব পড়েছিল খেলায়। পরে বার্সা নতুন চুক্তি করে মেসির বেতন ঢের বাড়িয়েও দেয়। তাতেও যে মেসির খেলায় ইতিবাচক প্রভাব ছিল, তা নয়। মেসি ছায়া হয়েই ছিলেন।
কিন্তু গত বছরটা মেসির পারফরম্যান্সে নিজের ছায়া হয়ে থাকাই শুধু ছিল না, ছিল বিতর্কের ছায়ায় ঢাকা পড়াও। কর নিয়ে ঝামেলায় জড়িয়েছেন। সেই সঙ্গে বেতন বাড়ানোর জন্য ক্লাবকে আদৌ চাপ দিয়েছেন কিনা, এ নিয়েও প্রশ্ন উঠে প্রশ্নবিদ্ধ হয়েছিল আনুগত্য। কিন্তু এত দিন পরে এসে সবকিছু পরিষ্কার করলেন হোসেপ মারিয়া বার্তোমেউ। বার্সা সভাপতি দাবি করলেন, মেসি বার্সায় খেলছেন ক্লাবটিকে ভালোবাসেন বলেই। এর সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই।
২০১৮ সাল পর্যন্ত চুক্তিটা তো এমনিতেই ছিল, সেই চুক্তি মেয়াদ পূরণের এত আগে হুট করে গত বছর নতুন করে করাতে হলো কেন? মেসিকে বেশি টাকা না দিলে তিনি কি ক্লাব ছেড়ে যেতেন? এসব প্রশ্নের উত্তরে বার্তোমেউ দৃঢ়ভাবে বলেছেন, ‘না, শুধু মেসি কেন, ক্লাবে এমন কোনো খেলোয়াড় নেই যে শুধু টাকার জন্য খেলে। কেউ নেই। মেসি তো বটেই, ক্লাবের সবাই অন্য কোথাও খেললে হয়তো আরও বেশি টাকা আয় করতো। ক্লাবের প্রত্যেকের লোভনীয় সব প্রস্তাবও আছে। বার্সার কোনো খেলোয়াড়কে স্রেফ টাকার জন্য খেলতে দেখলে আমরাই তাকে অন্য ক্লাব খুঁজতে বলি। কারণ ক্লাবের দর্শনের সঙ্গে এটা যায় না।’
মেসি-নেইমার থাকতেও লুইস সুয়ারেজকে কেন কেনা হলো সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লাব সভাপতি, ‘লুইজ সুয়ারেজ অনেক দিন ধরেই বার্সায় আসার স্বপ্ন দেখছিল। তা ছাড়া ক্লাবে সব সময়ই ৯ নম্বর জার্সির খেলোয়াড় আমাদের সফলতা এনে দিয়েছে। স্যামুয়েল ইতোকে নিয়ে আমার শিরোপাত্রয়ী জিতেছি। জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে এক বছরে ছয়টি ট্রফি জিতেছি। ডেভিড ভিয়াকে নিয়ে ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’