'মেসি দল অন্তঃ প্রাণ, রোনালদো স্বার্থপর'

সব সময় নিজের গোল নিয়ে ভাবেন। সতীর্থকে দিয়ে গোল করানোয় উৎসাহ নেই। দল ভালো খেলল কিনা, তাতেও নাকি কিছু যায় আসে না। ‘স্বার্থপর’ অপবাদটা আরও একবার শুনতে হলো ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বললেন ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফ।
টোটাল ফুটবল দিয়ে খেলাটির ধরনই বদলে দেওয়া ক্রুইফ বলেছেন, ‘সব সময়ই এমন খেলোয়াড়দের পছন্দ করে এসেছি, তারা তুলনামূলক বেশি সৃষ্টিশীল। কারণ আমিও সে রকমই ছিলাম। ক্রিস্টিয়ানো ভালো খেলোয়াড়, কিন্তু ও আসলে গোল স্কোরার। ও এমন খেলোয়াড় কখনোই হবে না যে একটা দল গড়ে তুলতে পারে কিংবা দল ভালো খেলছে কিনা এ নিয়ে যে উদ্বিগ্ন। ও শুধু নিজের গোল করা নিয়েই উদ্বিগ্ন।’
বার্সেলোনার হয়ে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই দেখা গেছে ক্রুইফকে। তাঁর কোচিংয়েই বার্সা প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়নস লিগ) জিতেছিল। বার্সার টিকি-টাকা ফুটবলের ভিত্তি রচনা করেছিলেন তিনিই।
ক্রুইফ এর পরই মেসি ও রোনালদোর তুলনা করলেন, ‘মেসি অনেক বেশি দল অন্তঃ প্রাণ খেলোয়াড়। ও পাস দেয়, অনেক বেশি গোল বানিয়ে দেয়। গোল স্কোরার নয়, ও খেলোয়াড়ের ভূমিকা নিয়েও কিন্তু অনেক অনেক গোল করে।’
মেসি ও রোনালদোর তুলনা করতে গিয়ে তাই গোল সংখ্যার পরিসংখ্যান নিয়ে কোমর বেঁধে তর্কযুদ্ধে নামার পক্ষে ক্রুইফ নন। সংখ্যা বড় নিরেট, তাতে সৌন্দর্য ধরা পড়ে না। ক্রুইফ তাই মনে করেন, গোলের সংখ্যা ছাড়া ফুটবলের ভেতরে অন্তর্নিহিত যে সৌন্দর্য লুকিয়ে আছে, সেটা খুব কম মানুষই বোঝে।
মুন্দো দেপোর্তিভোকে ক্রুইফ বলেছেন, ‘আমার চোখে একজন গ্রেট খেলোয়াড় ও গোল স্কোরারের মধ্যে অনেক পার্থক্য। এ কারণেই আপনি অন্য দৃষ্টিকোণ আর আরও বিশদভাবে দেখবেন। খুব কম মানুষই তা করে। এটা (ফুটবলের সৌন্দর্য) বুঝিয়ে বলাও মুশকিল, কারণ তারা সেটি বুঝবেও না।’
খেলোয়াড় হিসেবে টানা তিনটি ব্যালন ডি’অর জিতেছিলেন। ক্রুইফের সেই কৃতিত্ব মেসি আগেই ছাপিয়ে গেছেন। এবার পাঁচ নম্বর ব্যালন ডি’অরের সামনে। গতবার বার্সাকে শিরোপা-ত্রয়ী জেতানো মেসির হাতেই ট্রফিটা উঠতে যাচ্ছে বলে মনে করেন ক্রুইফ।