'মেসি ধার হারিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক ব্যর্থতায় মেসির সমালোচনায় স্বদেশি কিংবদন্তি ভালদানো। ছবি: মার্কা
সাম্প্রতিক ব্যর্থতায় মেসির সমালোচনায় স্বদেশি কিংবদন্তি ভালদানো। ছবি: মার্কা

প্রতিপক্ষের কড়া নজরদারি থোড়াই-কেয়ার করে, জমাট রক্ষণ ভেঙে, বিদ্যুৎবেগে ঢুকে পড়ে লিওনেল মেসি প্রতিপক্ষের জালে যে কত বল জড়িয়েছেন তার ইয়ত্তা নেই। ম্যাচের পর ম্যাচ ড্রিবলিং, চিপ, ভলি, ফ্রি-কিকে নাজেহাল করে ছেড়েছেন বিপক্ষের রক্ষণ। অথচ সেই মেসিকেই কিনা সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে বড্ড বেশি নিষ্প্রভ, ধারহীন। প্রতিপক্ষকে চাপে ফেলার সেই গতি নেই। ড্রিবলিংয়ে নেই চমক। প্রতিপক্ষের কয়েক খেলোয়াড়ের পাহারাতেই যেন পথ হারানো পথিক! হলোটা কী মেসির! তাঁর বর্তমান ফর্ম নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোর কাছে মনে হচ্ছে, আগের সেই ধার হারিয়ে ফেলেছেন মেসি।
আর্জেন্টিনার ছিয়াশির অন্যতম এ নায়ক বলেন, ‘সর্বশেষ খেলাটা দেখুন, মেসি নিষ্প্রভ। মাঠে তার অবস্থানে পরিবর্তন এসেছে। এখন তার কাজ আরও বেশি সহায়তা করা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে দুমড়ে-মুচড়ে ফেলার সেই ধার হারিয়ে ফেলেছে মেসি। অতীতে বার্সার ম্যাচগুলোয় সে নিয়মিতই প্রতিপক্ষের রক্ষণকে বিপর্যস্ত করত। ইদানীং এটা দেখা যাচ্ছে না।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের ফুটবল-জীবনকে জড়িয়ে ফেলা এই ভালদানো এখানেই থামেননি। এবারের ব্রাজিল বিশ্বকাপটা আর্জেন্টিনার ব্যর্থতার দায়ভারও চাপিয়েছেন ওই মেসির কাঁধেই, ‘মেসিই তো দায়ী। সে কী পুরোপুরি ফিট ছিল? পুরো বিশ্বকাপেই তো দেখলাম সে হেঁটে বেড়াচ্ছে। শারীরিকভাবে ফিট না থাকার কারণে সে গা বাঁচিয়ে খেলেছে প্রতিনিয়ত।’ সূত্র: মার্কা