'মেসি, বার্সা ছেড়ে শ্রেষ্ঠত্ব দেখাও'
বার্সেলোনা থেকে মোনাকো উড়ে এসেছিলেন ব্যক্তিগত হেলিকপ্টারে। কিন্তু পুরস্কারটা যে পাবেন না, এটা বোধ হয় আগেই বুঝতে পেরেছিলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোকে উয়েফার বর্ষসেরা ফুটবলার হতে দেখে তাই মুখ থেকে হাসিটা একেবারেই উবে যায়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। বরং মঞ্চ থেকে রোনালদো নেমে আসার পর হাসিমুখেই তাঁকে অভিনন্দন জানালেন মেসি।
এ নিয়ে তিনবার উয়েফার বর্ষসেরা হলেন রোনালদো। মেসি হয়েছেন দুবার। তবে ব্যালন ডি’অরে এখনো পাঁচ-চার ব্যবধানে রোনালদোর চেয়ে এগিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড। ক্লাব বার্সেলোনার হয়েও ৮টি লা লিগা আর ৪টি চ্যাম্পিয়নস লিগসহ ২৯টি ট্রফি। মেসির কি আর নতুন করে প্রমাণের কিছু আছে!
ফুটবলারদের ‘সুপার এজেন্ট’ হিসেবে পরিচিত মিনো রাইওলা কিন্তু মনে করছেন—আছে। তাঁর মতে, বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে গিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে তবেই বোঝা যাবে মেসি আসলেই সেরা কি না!
মেসির বার্সা ছাড়ার গুঞ্জনে অবশ্য ইদানীং আবারও একটু হাওয়া লেগেছে। বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে আগামী বছর জুনে। কিন্তু এখনো ক্লাবের প্রস্তাবিত চুক্তি নবায়ন করেননি বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। গোল ও মার্কার খবর অনুযায়ী, নতুন চুক্তিতে মৌখিক সম্মতি দিলেও সই করেননি মেসি। বাজারেও গুঞ্জন, সাবেক কোচ পেপ গার্দিওলা চেষ্টা করছেন মেসিকে ম্যানচেস্টার সিটিতে নিতে। এ জন্যই দলবদলের শেষ দিন ৩১ আগস্টের আগে কিছুটা দুশ্চিন্তায় আছে বার্সা।
রাইওলা অবশ্য মেসির এজেন্ট নন। কিন্তু ইতালিয়ান বংশোদ্ভূত এই ডাচ ফুটবল এজেন্টের খেলোয়াড় তালিকায় আছেন পল পগবা, হেনরিক মেখিতারিয়ান, রোমেলু লুকাকু, মার্কো ভেরাত্তি ও ইব্রাহিমোভিচের মতো তারকারা। সেই রাইওলা কিন্তু মনে করছেন, বার্সা ছেড়ে মেসির এবার অন্য কোনো ক্লাবে গিয়ে খেলা উচিত, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের অন্য একটা ক্লাবের হয়ে ভিন্ন অভিজ্ঞতা নেওয়া উচিত। এতেই প্রমাণ হবে সে আসলে কত বড় খেলোয়াড়।’
মেসি ছাড়া বার্সেলোনা কেমন করে সেটাও দেখতে চান রাইওলা, ‘বার্সেলোনার উচিত নিজেদের নতুন করে আবিষ্কার করা।’
ফুটবলের দলবদলের বাজার যেদিকে এগোচ্ছে, তাতে মেসি ক্লাব বদল করলেও অবাক হবেন না রাইওলা, ‘এ অবস্থায়, দলবদলের বাজারের কোনো অস্তিত্ব নেই। এখন কেনাবেচা করছে দেশগুলো, এটা আর ফুটবল নয়। ২০০ মিলিয়নের দলবদল এখন স্বাভাবিক ঘটনা। এতে আর অবাক হওয়ার কিছু নেই।’ গোল, মার্কা।