'মেসি যদি ব্রাজিলে জন্মাত!'

লিওনেল মেসির জন্য এ অনেক বড় প্রশংসা। শুধু নেইমার নয়, মেসির আরও বড় ভক্ত পাওয়া গেল ব্রাজিলে। ব্রাজিল কোচ তিতে বলছেন, তাঁর আফসোস, মেসি কেন ব্রাজিলে না জন্মে জন্মালেন আর্জেন্টিনায়!
জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপা জিততে পারেননি মেসি। তবু মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় আসা এই ল্যাপটপ কোচের। ক্রীড়া দৈনিক এএসকে তিতে বলেছেন, ‘আমি তো চাইতামই মেসি ব্রাজিলে জন্মাক। ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, ও এমন একজন প্রতিপক্ষ, আমরা যার মুগ্ধ। ওর প্রতি আমাদের অনেক মুগ্ধতা।’
কেন—সেটিও ব্যাখ্যা করেছেন তিতে, ‘মেসি দুর্দান্ত। ওর সৃষ্টিশীলতা, স্বাভাবিক ধাঁচের বাইরে কিছু করার ক্ষমতা অসামান্য। ও মাঠে এমন কিছু দেখতে পারে, যেটা আমরা পারি না।’
তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো? এরও উত্তর আছে তিতের কাছে, ‘ওরা দুজন আলাদা। একজন নিখুঁত স্কোরার, ফিনিশার। অন্যজন চোখে দেখার জন্যও তৃপ্তিদায়ক, সৃষ্টিশীল, জাদুকর। এই দুজন যদি একই দলে খেলত, প্রতিপক্ষ স্রেফ গুঁড়িয়ে যেত।’