'মেসি রেকর্ড ভাঙে কিন্তু পার্থক্য গড়ে রোনালদো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের অন্যতম সেরা লেফটব্যাক তিনি। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। ক্লাব বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে সেই কিংবদন্তি রবার্তো কার্লোসের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ একটি রেডিও। তবে সাক্ষাৎকারে প্রসঙ্গ শুধু ক্লাব বিশ্বকাপে আটকে থাকেনি, কার্লোস বলেছেন রিয়াল ও ব্রাজিল দল নিয়েও

রবার্তো কার্লোস
রবার্তো কার্লোস

রিয়ালের দুর্দান্ত ফর্ম
ওরা অসাধারণ খেলছে, গত বছরও খেলেছে। তবে এ মুহূর্তে রিয়ালের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কার্লো আনচেলত্তি আসলেই একজন অসাধারণ কোচ এবং খেলোয়াড়দের দারুণ সাহায্য করেন। আমরা যারা রিয়ালের খেলা দেখি তাঁরা জাবি আলোনসো আর অ্যাঙ্গেল ডি মারিয়াকে খুব মিস করি। কিন্তু আবার অন্যভাবে দেখলে, আমাদের তো এবার টনি ক্রুস আর হামেস রদ্রিগেজ আছে।
ক্রিস্টিয়ানো রোনালদো
রোনালদোই বিশ্বসেরা। তবে মেসি যা করছে সেটা অন্য কেউ করতে পারছে না। ও একের পর এক রেকর্ড ভাঙছে। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে রোনালদো।
ক্লাব বিশ্বকাপ
দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর জন্য এটা চ্যাম্পিয়নস লিগের মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু রিয়াল এ মুহূর্তে বিশ্বসেরা ক্লাব।
ইকার ক্যাসিয়াসের ফর্ম
আমরা ওকে নিয়ে খুব বেশি প্রশ্ন তুলছি। সে এখনো বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।
মার্সেলো
ম্যাক্সওয়েল আর ফেলিপে লুইস ব্রাজিলের জন্য ভালো হতে পারে, কিন্তু এই পজিশনে এখনো মার্সেলোই এক নম্বর। ও অন্যদের চেয়ে আলাদা। সে অনেকটা কাফু আর আমার মতো, আমরা যারা ফুলব্যাকের ধারণাটা বদলে দিয়েছিলাম।
লুকাস সিলভা
রিয়াল তার সঙ্গে চুক্তি করলে ভালোই করবে, সে হতাশ করবে না। আমি ওর সব খেলা দেখি, সে দারুণ খেলোয়াড়। দারুণ প্রতিভাবানও, মাঠে নিজেকে কোথায় রাখতে হবে জানে, জানে দূর থেকে শট নিতে।