'মেসি-রোনালদোর পর রাজত্ব দিবালা-নেইমারের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের নতুন দুই রাজা হতে যাচ্ছেন নেইমার ও দিবালা। ছবি: রয়টার্স
ফুটবলের নতুন দুই রাজা হতে যাচ্ছেন নেইমার ও দিবালা। ছবি: রয়টার্স

প্রায় এক যুগ ধরেই ফুটবলে রাজত্ব করছেন মেসি-রোনালদো। ফিফা বর্ষসেরা খেলোয়াড় আর ব্যালন ডি’অর—দুটিই সমান পাঁচবার করে জিতে নিয়েছেন আধুনিক ফুটবলের এই দুই মহাতারকা। কিন্তু তারপর কে? আলো ছড়াচ্ছেন আতোয়াঁন গ্রিজমান, মার্কো এসেনসিও, ইসকো কিংবা কিলিয়েন এমবাপ্পের মতো তারকারা। কিন্তু জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য ইতিমধ্যেই মেসি-রোনালদোর উত্তরসূরিদের পেয়ে গেছেন। তাঁর চোখে মেসি-রোনালদোর পর ফুটবল শাসন করবেন দিবালা ও নেইমার। 

সিরি ‘আ’তে চার ম্যাচ পর জুভেন্টাসের মূল একাদশে রাখা হয়েছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে। গত কয়েক ম্যাচ তিনি ভালো খেলতে পারেননি একেবারেই। সহকারী প্রেসিডেন্ট পাভেল নেদভেদ তো ক্লাবের প্রতি তাঁর আনুগত্য ও একাগ্রতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার প্রভাব পড়েছিল খেলায়। শেষ পর্যন্ত ফিরে এসেছেন আন্তোনেল্লা, স্বরূপে ফিরেছেন দিবালাও। মূল একাদশে সুযোগ পেয়েই কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন। তাঁর জোড়া গোলেই ভেরোনাকে ৩-১ গোলে হারিয়েছে ওল্ড লেডিরা।
ম্যাচ শুরুর আগে অ্যালেগ্রি বলেছিলেন ফুটবলের সেরা খেলোয়াড়দের সঙ্গে তুলনা করাতেই ‘ক্ষতি’ হয়েছে দিবালার। কিন্তু ম্যাচ শেষে ঠিক সেই তুলনাই করে বসলেন জুভেন্টাস কোচ। প্রিমিয়াম স্পোর্টকে বলেছেন, ‘মেসি আর রোনালদো বুড়ো হয়ে গেলে নেইমার ও দিবালাই বিশ্বের সেরা খেলোয়াড় হবে। তাঁর (দিবালা) সামনে আরও অনেক কিছু করে দেখানোর বাকি রয়েছে এবং আমি জানি, সে আরও উন্নতি করতে পারবে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নাপোলির এক পয়েন্ট পেছনে থেকে বছর শেষ করলেন দিবালারা।
ওদিকে নেইমারের ছোঁয়ায় এই মৌসুমে আমূল বদলে গেছে পিএসজি। ১৯ ম্যাচের ১৬টিতেই জিতে লিগ ওয়ান টেবিলের শীর্ষে রয়েছেন নেইমাররা। তবে বিশ্বসেরা ফুটবলার হওয়ার পথে দিবালার চেয়ে এগিয়ে তিনি। মেসি-রোনালদোর পেছনে থেকে টানা দুই বছর তৃতীয় হয়েছেন। সামনের দিনগুলোতে নেইমার রাজত্ব চলবে—এ কথা তাই বলাই যায়। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে চ্যালেঞ্জ জানাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেকে কতটা মেলে ধরেন, সেটাই এখন দেখার বিষয়।