'মেসি সেরা, তবে আমার পরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলার সময় মুখে হাসি লেগেই থাকে। রেডিও বার্সেলোনাকে দেওয়া সাক্ষাৎকারেও ফুরফুরে মেজাজে ছিলেন রোনালদিনহো। বেশির ভাগ প্রশ্নেই কৌতুকচ্ছলে উত্তর দিয়েছেন, তবে কিছু প্রশ্নে বেরিয়ে এল সাবেক বার্সেলোনা তারকার ক্ষোভও—
লিও মেসির বিষয়ে: ‘মেসি সব সময়ই আমার অনেক ভালো বন্ধু। ড্রেসিংরুমে আমরা পাশাপাশিই বসতাম। ও বিশেষ কিছু। আমি জানি না কেন, ঈশ্বর কাউকে অন্যদের চেয়ে একটু বেশিই দিয়ে দেন। সেটি বলেও বলছি, ও যখন এখানে এসেছিল, তখনই অনেক বেশি ভালো ছিল। আপনারা বলেন মেসিকে ওর প্রথম গোলটা আমিই গড়ে দিয়েছি। তার মানে কিছু একটা তো ঠিক করেছি। (হেসে) যা করেছি, তার সবই ভুল ছিল না।’
কে সেরা খেলোয়াড়: ‘মেসিই কি আমার দেখা সেরা খেলোয়াড়? (হেসে) হ্যাঁ, আমার পরে! ফুটবল আসলে একেকটি যুগের ব্যাপার। এই যুগটা মেসি, নেইমার, সুয়ারেজের। (আবারও হেসে) তবে আমার সময়ে হলে ওরা বেঞ্চে বসে থাকত। অবশ্য, মেসি না, অন্যরা। নিছকই মজা করে বললাম। আমি ইতো, লারসনদের সঙ্গে খেলেছি। ওদের কথা যদি আমি না বলি, তাহলে কে বলবে? এই সময়ে মেসি, নেইমার, সুয়ারেজই সেরা খেলোয়াড়।’
তাঁর নৈশজীবন নিয়ে: ‘আমি বাইরে যেতে পছন্দ করি কি না? আপনারা যতটুকু করেন ঠিক ততটুকুই। পার্থক্যটা হলো, যদি তারকা হন, তাহলে আপনি যা-ই করবেন সেটিকে তিন গুণ করে দেখবে সবাই। ফুটবলারদের নিয়ে অনেক মিথ আছে। যদি আমাদের হাতে পানির গ্লাসও থাকে, তাহলে বলা হবে এটা ভদকা। অন্য কেউ হুইস্কি পান করলে, কেউ কিছু বলবে না। কিন্তু তারকা হলেই সবকিছু অনেক বেশি বাড়িয়ে লেখা হয়। আমার হাতে একটা পানীয় থাকলেই মানুষ বলবে আমি মাতাল। এই ব্যাপারটিই রাগিয়ে দেয়।