'মেসিকে ছাড়া বিশ্বকাপ রং হারাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির প্রত্যাবর্তনে দারুণ খুশি সুয়ারেজ। ছবি: এএফপি।
মেসির প্রত্যাবর্তনে দারুণ খুশি সুয়ারেজ। ছবি: এএফপি।

অভিমানে অবসর নিয়েছিলেন। কিন্তু সেই অভিমান ভুলে গিয়ে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ফিরলেন। বুঝিয়ে দিলেন, তিনি আগের মেসিই আছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই ১০ জনের দল হয়েও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটিও আর্জেন্টাইন জাদুকরেরই।

আর্জেন্টিনার হয়ে মেসির এই প্রত্যাবর্তনে দারুণ খুশি তাঁর বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। যদিও মেসির এই প্রত্যাবর্তনে সবার আগে সুয়ারেজের দেশ উরুগুয়েকেই ভুগতে হয়েছে। কিন্তু সুয়ারেজের আনন্দ মেসির ফেরাতেই, ‘বিশ্বাস করুন, মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকার রং হারাত। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টগুলোতে বিশ্বসেরা খেলোয়াড়ের থাকাটা জরুরি।’
মেসির গোলে নিজের দেশ হারায় দুঃখ তো সুয়ারেজ পেয়েছেনই। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে নিজের অবসর ভেঙে বন্ধুর ফেরাটা সুয়ারেজের কাছে আনন্দের উপলক্ষ, ‘বন্ধু হিসেবে আমি খুবই খুশি। আমি জানি, আর্জেন্টিনার হয়ে খেলাটা মেসির কাছে কী! আমি ফুটবলের কথা ভেবেও আনন্দিত।’
সুয়ারেজ এখন অপেক্ষায় নেইমারের জন্য। অলিম্পিক ও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে ন্যু ক্যাম্পে ফিরবেন নেইমার। সুয়ারেজ রোমাঞ্চিত ‘এমএসএন’–ত্রয়ীর মিলনের অপেক্ষায়, ‘আমি নেইমারের অপেক্ষায় আছি। সে জাতীয় দলের ম্যাচ সেরে বার্সেলোনায় ফিরবে। আমাদের তিনজনের (মেসি, নেইমার ও সুয়ারেজ) মাঠের বোঝাপড়াটা দারুণ জায়গায় পৌঁছেছে, আমরা আশাবাদী, বোঝাপড়ার ব্যাপারটা এই মৌসুমে নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা তিনজন কেবল সতীর্থই নই, দারুণ বন্ধুও।’ সূত্র: গোল ডটকম।