'মেসিকে সুরক্ষা দিতে ব্যর্থ বার্সা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা। ফাইল ছবি।
বার্সাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা। ফাইল ছবি।

আঁতকে ওঠার মতোই অভিযোগ—বার্সেলোনায় ঠিকমতো যত্ন হচ্ছে না লিওনেল মেসির! আর কাতা​লান দলটির বিপক্ষে এই অভিযোগ তুলেছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা।


মেসির দুঃসংবাদ এসেছে দুই দিন আগে। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন কুঁচকিতে। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ৬০ মিনিটেই। পরে জানা গেছে, আগামী তিন সপ্তাহে মাঠে নামতে পারবেন না।

বাউজার ক্ষোভের কারণটাও অনুমান করা যায়। বার্সার চেয়ে আপাতদৃষ্টিতে আর্জেন্টিনার ক্ষতিটাই বেশি বলে মনে হচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই যে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে মেসির। এমনিতেই চোটের সঙ্গে অনেক দিন ধরেই একটা সংগ্রাম চলছে। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে সর্বশেষ ম্যাচে চোটের জন্যই খেলতে পারেননি। অভাবটাও টের পাওয়া গেছে, ওই ম্যাচে ২-২ গোলে ড্র গোল করেছিল আর্জেন্টিনা।

বাউজা তাই ক্ষোভের বিস্ফোরণই ঘটিয়েছেন, ‘ওরা আমাদেরকে বলে মেসির যত্ন নেওয়ার জন্য, কিন্তু ওরাই মেসিকে সুরক্ষা করতে পারছে না। সব ম্যাচেই ওকে খেলাচ্ছে।’ চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই মেসিকে খেলিয়েছে বার্সা, বাউজার অভিযোগ এমনই।

মেসির অভাবটা টের পাবেন, সেটিও মেনে নিলেন আর্জেন্টিনার নতুন কোচ, ‘আমরা এর মধ্যেই মেসিকে ছাড়া খেলেছি। ওকে পাওয়া অবশ্যই বড় একটা সুবিধা, প্রতিপক্ষকে তো ওর জন্য অনেক ভুগতে হয়। তবে কোচ হিসেবে আমার কাছে বটেই, দল হিসেবেও ওকে ছাড়া খেলা একটা চ্যালেঞ্জ।’

৬ অক্টোবর পেরুর সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা, পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই মুহূর্তে বাছাইপর্বের তিনে আছে আর্জেন্টিনা, সবার ওপরে উরুগুয়ে, এর পরেই ব্রাজিল।