'মেসির কাছে জাদু দেখতে চায় সবাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তহীন এক চাপ বয়ে নিয়ে চলেছেন মেসি!
অন্তহীন এক চাপ বয়ে নিয়ে চলেছেন মেসি!

আপনি বার্সেলোনার খেলা নিয়মিত দেখে থাকলে নিশ্চয়ই চোখে পড়েছে ব্যাপারটা। বার্সেলোনা যখন ভীষণ বিপদে পড়ে যায়, হয়তো ম্যাচে পিছিয়ে আছে কিংবা ড্র করতে যাচ্ছে, বার্সা সমর্থকেরা করজোড়ে প্রার্থনা করেন, লিওনেল মেসি যেন জাদুকরি কিছু একটা করে ফেলেন। উদ্ধার করেন এই বিপদ থেকে। সমর্থকদের এই চাওয়াটা কিন্তু মেসির সতীর্থদের মধ্যেও। বার্সা বিপদের মধ্যে থাকলেই দলের বাকি খেলোয়াড়েরা হন্যে হয়ে বল ঠেলতে থাকেন মেসির দিকে। একটাই প্রত্যাশা, মেসি জাদুকরি কিছু একটা করুন!
বার্সার কোচ হিসেবে এক বছর ডাগআউটে কাটানোর অভিজ্ঞতা থেকে এমনটা মনে হয়েছে জেরার্ডো মার্টিনোর। বার্সা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। কিন্তু বাস্তবতা হচ্ছে, অন্য বড় ক্লাবে দলের ত্রাণকর্তার ভূমিকায় অনেকেই থাকে। কিন্তু বার্সা যেন পুরোপুরি মেসি-নির্ভর। নেইমার-সুয়ারেজদের মতো তারকাদের ভিড়িয়েও মেসি-নির্ভরতা কমানো যায়নি। বরং ক্ষেত্রবিশেষে বেড়েছে।
মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনো বলেছেন, ‘ও বাড়তি একটা চাপ বহন করে, যেটা আর কাউকে করতে হয় না। সবাই ওর দিকে তাকিয়ে থাকে, ও কিছু করে দিনটা বাঁচিয়ে দেবে, এই প্রত্যাশায়। এটা বদলানোর খুব একটা সম্ভাবনা দেখছিও না। মেসি “মেসি” হওয়ার কারণেই সবাই চায় ও সবকিছু ঠিকঠাক করে দিক।’
বার্সাতেই যখন এই অবস্থা, আর্জেন্টিনা দলে সেটা তো আরও ভীষণ রকমের সত্যি। বার্সা ছেড়ে দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়া মার্টিনো কী ভূমিকায় ব্যবহার করতে চান মেসিকে? ২০১৪ সালে একটুর জন্য না-পারার হতাশা কি রাশিয়ায় মুছে ফেলতে পারবে আর্জেন্টিনা? ৩১-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মেসি কতটা কী করতে পারবেন? মার্টিনোর উত্তর, ‘এটা বলা কঠিন, এটা অনুমান করা যায় না, মাঠে মেসির খেলার মতোই। কী ঘটবে সেটা বলা সত্যিই কঠিন। তবে এটা নিশ্চিত, সবকিছু লিওনেলকে ঘিরেই হবে, সবকিছুই হবে ও কেমন অনুভব করছে তার ওপর।’