গত মৌসুম পর্যন্তও তুলনাটা ছিল এমন, মেসি-রোনালদোর পর ফুটবলে যাঁরা দাপট দেখাবেন, এডেন হ্যাজার্ড তাঁদের একজন। কিন্তু এই মৌসুমে চেলসির হয়ে এমনই পারফরম্যান্স বেলজিয়ান উইঙ্গারের, এখন তাঁর তুলনা হচ্ছে মেসির সঙ্গেই! তবে ২৬ বছর বয়সী উইঙ্গার নিজে এসব তুলনা-টুলনাতে যেতেই চান না। বিনয়ের সঙ্গেই বলে দিলেন, তিনি মেসির মতো শিল্পী নন।
মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে হ্যাজার্ড বলেছেন, ‘আমার কাছে প্রকৃত শিল্পী হচ্ছেন (জিনেদিন) জিদান ও রোনালদিনহো। মাঠে তাঁর নড়াচড়া, পাস দেওয়ার কথা ভাবলে (হুয়ান রোমান) রিকেলমেও আসবে এই তালিকায়। আর মেসি তো আছেই। বল নিয়ে ও যা করে, অবিশ্বাস্য! নিজেকে ওই পর্যায়ে দেখি না আমি। এমন কিছু বলা অন্যদের কাজ। আমি নিজেকে ওর মতো শিল্পী দাবি করব না।’
শিল্পী না হন, বিনোদন ঠিকই দিয়ে যাচ্ছেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগে চেলসিকে শিরোপার কাছাকাছিও নিয়ে এসেছেন। নিজেই জানালেন, ফুটবল মাঠে তাঁর মূল উদ্দেশ্য অন্য—মাঠে আসা দর্শকদের আনন্দ দেওয়া। নিজের সম্পর্কে বললেন, ‘ছোটকাল থেকেই আমি সৃষ্টিশীল খেলোয়াড়। এই ব্যাপারটা অনুশীলন করে হয় না। অবশ্যই এত দূর আসতে অনেক পরিশ্রম করেছি। তবে যে দক্ষতা ছিল, সেটিকেই আরও ভালো করেছি। বল আমার বন্ধুর মতো। অনেক পুরোনো বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত। বলটাকে আমি আদর করি, যদিও ড্রিবল করার সময় সেটি খুব সহজ নয়। শ্যুট করার সময়ও বলটাকে থিয়েরি অঁরির মতো করে আদর করি। বলটাকে আমি একজন নারীর মতো, বন্ধুর মতো, বৃদ্ধ লোকের মতো যত্ন নিতে পারি।’ ফোরফোরটু।