'মেসির যত্ন নেয় না বার্সা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোট নিয়েই ফিরেছিলেন বার্সেলোনায়। তারপর সেই চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেন মাঠে, খেললেন বার্সেলোনার হয়ে টানা চারটি ম্যাচও। কিন্তু লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গত বুধবার খেলতে গিয়েই আবার পেলেন চোট। ধারণা করা হচ্ছে, আবার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।

প্রশ্ন উঠতেই পারে, আসলেই কি টানা এত ম্যাচ খেলার মতো ফিট হয়েছিলেন মেসি? উত্তর খুঁজতে গিয়ে বার্সেলোনার প্রতি ক্ষোভই ঝেড়েছেন মেসির জাতীয় দল আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। মেসির মতো একজন খেলোয়াড়কে চোট থেকে রক্ষা করার জন্য যেটুকু যত্ন করা দরকার, সেটা বার্সেলোনা করছে না বলেই অভিযোগ আর্জেন্টাইন কোচের।

এমনিতেই চোটের সঙ্গে অনেক দিন ধরেই একটা লড়াই চলছে মেসির। এ মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। কিন্তু ওই ম্যাচের পরেই আবার চোট পান কুঁচকিতে। সে কারণেই তাঁকে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলাননি বাউজা। মেসি ফিরে আসেন বার্সেলোনায়। তাঁকে ছাড়া ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা।

সেই চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চারটি ম্যাচ খেললেন। এটা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন বাউজা, ‘বার্সেলোনা সব সময় আমাদের বার্তা পাঠায়, আমরা যেন অবশ্যই মেসির যত্ন নিই। কিন্তু ওরা নিজেরাই তো ভালো করে মেসির যত্ন নিচ্ছে না। আমার কাছে এটা আসলেই অদ্ভুত মনে হচ্ছে, মেসির সমস্যা থাকার পরও ওকে তারা প্রতিটি ম্যাচে খেলাচ্ছে।’

সামনের তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না মেসি। লা লিগায় আজ স্পোর্টিং গিজন ও পরের সপ্তাহে সেল্টা ভিগোর সঙ্গে দুটি অ্যাওয়ে ম্যাচ তো আছেই, খেলতে পারবেন না মনশেনগ্লাডবাখের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও। ওদিকে ৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা, পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে। এ দুটি ম্যাচেও অনিশ্চিত মেসি।

এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা না দেওয়ার কারণেও বার্সার ওপর খ্যাপা বাউজা, ‘বার্সেলোনা আমাদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এখনো আমরা মেসির সঙ্গে কথা বলতে পারিনি। কিন্তু তার চোট কতটা গুরুতর, সেটা আমরা জানতে চাই।’

অধিনায়কের চোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখন পরীক্ষা-নিরীক্ষার ফলের দিকে তাকিয়ে বাউজা, ‘সম্ভবত তাকে পরীক্ষা করা হয়েছিল। আমরা অপেক্ষা করছি। ওই রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা জাতীয় দলের চিকিৎসকের কাছে পাঠাব। কেবল তখনই আমরা মেসির চোট নিয়ে পরিষ্কার ধারণা পাব।’

মেসির না থাকাটা তাঁর দলের জন্য বড় ক্ষতি সেটিও জানিয়ে রাখলেন আর্জেন্টিনার নতুন কোচ, ‘আমরা এর মধ্যেই মেসিকে ছাড়া খেলেছি। ওকে পাওয়া অবশ্যই বড় একটা সুবিধা, প্রতিপক্ষকে তো ওর জন্য অনেক ভুগতে হয়। কোচ হিসেবে আমার কাছে বটেই, দল হিসেবেও ওকে ছাড়া খেলা একটা চ্যালেঞ্জ।’

তবে বাস্তবতা মেনেই মেসিকে ছাড়া খেলার বিষয়টিও মাথায় রাখছেন বাউজা, ‘আমার ধারণা, বাছাইপর্বের ম্যাচগুলোয় মেসি খেলতে পারবে না। তবে আমাদের জন্য বড় ব্যাপার, তার চোটটা যেন গুরুতর কিছু না হয়। তিন সপ্তাহ পর সে আবার ফিরে আসুক। তবে তাকে ছাড়াই খেলার কথা আমরা এরই মধ্যে ভেবে রেখেছি।’ ইএসপিএন, গোল, ফক্স স্পোর্টস।