'মেসি' দিয়ে রোনালদোকে অপমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সেই মূর্তি। ডানের ছবিতে ওই অপকর্ম l ওয়েবসাইট
রোনালদোর সেই মূর্তি। ডানের ছবিতে ওই অপকর্ম l ওয়েবসাইট

একদিকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁদের ‘যুদ্ধ’টা ফুটবল মাঠে। অন্যদিকে ‘লড়াই’য়ে এই দুই মহানায়কের ‘পাগলাটে’ সমর্থকেরাও। চায়ের কাপ থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এঁদের ‘যুদ্ধ’। বিতর্কটা সব সময় ‘মধুর’ থাকে তা-ও নয়। মাঝে মাঝে ভব্যতার সীমা ছাড়িয়ে কদর্য রূপও নেয়। যেমন নিল ব্যালন ডি’অর জয়ের পরের দিন। রোনালদোর জন্য বেশ অপমানজনকই হলো বিষয়টি।
জন্মস্থান পর্তুগালের মাদেইরায় পর্তুগিজ তারকার যে মূর্তি আছে, ব্যালন ডি’অরের পরের দিন কেউ তাতে রং দিয়ে মেসির নাম ও জার্সি নম্বর লিখে রেখেছে! ভাবুন তো, রোনালদোর মূর্তিতে লেখা মেসির নাম, লেখা তাঁর ১০ নম্বর জার্সিটিও!
এভাবে মূর্তি বিকৃত করা রোনালদোর জন্য অপমানজনকও। ২০১৪ সালের ডিসেম্বরে রোনালদো নিজেই মূর্তিটা উন্মোচন করেছিলেন। মাদেইরার বিচে, পর্তুগিজ তারকার বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরেই ঠায় দাঁড়িয়ে ১১ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তিটি। রোনালদোর জন্য বিশেষ সম্মান ও গর্বের এই মূর্তি। কিন্তু তাঁর নাড়িপোঁতা মাদেইরায় তাঁরই মূর্তিতে মেসি নামের ছোপ ছোপ দাগ!
এবার ব্যালন ডি’অরের পরে এই কাজটি যাঁরা করেছেন নিছকই মজা করার জন্যই হয়তো করেছেন। তবে এভাবে মেসির নাম দিয়ে রোনালদোর মূর্তি রাঙিয়ে দেওয়া রোনালদোর প্রতি একধরনের অবিবেচনাপ্রসূত ঠাট্টা হিসেবেই দেখছেন সবাই। পর্তুগিজ তারকার বোন কাতিয়া আভেইরোর কাছে অবশ্য বিষয়টি রীতিমতো ‘ঘৃণিত’। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ওর (রোনালদো) প্রতি ঈর্ষা থেকেই এমন ঘৃণিত কাজটি করা হয়েছে। ব্যাপারটি আসলে কিছু হীন ও হতাশ লোকের জনসমক্ষে একটা জঘন্য প্রদর্শনী। একজন পর্তুগিজ হিসেবে আমি বেশ লজ্জিত ও দুঃখিত। এ কাজটির জন্য যারা দায়ী এবং ওর প্রতি যাদের নেতিবাচক ধারণা আছে, তাদের জানা উচিত, আমাদের এই দ্বীপটা পৃথিবীর সেরা মনোনীত হয়েছে। কিন্তু সেটি শুধু সমুদ্রটা সুন্দর বলেই নয়, আমাদের খাবারের জন্যও নয়, মাদেইরেন্স লোকদের সুন্দর আচরণের (যদিও সেটা দিনে দিনে কমছে) জন্যও নয়। বরং এই কারণে, এই অসাধারণ মাদেইরেন্স মানুষটি (রোনালদো) তাঁর জন্মস্থানকে প্রতিনিয়ত সম্মান এনে দিচ্ছে।’
গত মঙ্গলবারই রোনালদোর মূর্তি থেকে এসব রং মুছে ফেলা হয়েছে। কিন্তু সব চাইলেও কি আর ‘মুছে’ ফেলা যায়! তথ্যসূত্র: স্কাই স্পোর্টস।