'মেসি' নামটাই ছিল চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ড দিউলোফেউ
জেরার্ড দিউলোফেউ

প্রচণ্ড গতি, বল পায়ে কারিকুরিও ভালো। বার্সেলোনার যুবদল ‘বার্সা বি’-তে ৬৮ ম্যাচে ২৭ গোলও করেছিলেন। ‘নতুন লিওনেল মেসি’ তকমাটা তাই তাঁর সঙ্গে জুড়ে যায়।
কিন্তু এরপরের গল্পটা কী? বার্সার মূল দলে জেরার্ড দিউলোফেউ সুযোগ পেয়েছেন মাত্র দুটি ম্যাচে। পরপর দুবছর এভারটন ও সেভিয়ায় ধারে খেলার পর ২০১৫ সালে পাকাপাকিভাবে যোগ দিয়েছেন এভারটনে। এই জানুয়ারিতে আবার সেখান থেকে ধারে গেছেন এসি মিলানে। ইতালিতে অবশ্য ভালোই করছেন। কিন্তু এই যে এত খাবি খেতে হচ্ছে, সেটির কারণ কী? ২৩ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের চোখে সেটি ক্যারিয়ার শুরু হওয়ার আগেই মেসির সঙ্গে ওই তুলনা।
ইতালিয়ান মাসিক ক্রীড়া ম্যাগাজিন ফোরজা মিলানে মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে দিউলোফেউ বলেছেন, ‘এতে যতটা লাভ হয়েছে, তার চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। সাধারণত আমি খবরের কাগজ পড়ি না। কিন্তু এই তুলনাটা মনে গেঁথে গেছে। শেষ পর্যন্ত এটা আমার ক্ষতিই করেছে, কারণ আমাকে ঘিরে তখন বার্সেলোনা সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু মেসি তো কেবল একজনই।’ মার্কা।