'মেসি' নামের জন্য সরকারি অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

আর্জেন্টাইন এক দম্পতির ঘর আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে। বাবা ড্যানিয়েল ভ্যারেলার খুব শখ ছেলের নামটি তিনি দেবেন লিওনেল মেসির নামে। তাঁর স্ত্রীরও একই ইচ্ছা। ছেলেটির নাম যদি মেসির নামে হয়, তাহলে ক্ষতি কী? একজন আর্জেন্টাইন গ্রেটের নামে নাম বরং তাঁদের ছেলের জীবনকে অন্যমাত্রা দেবে। কিন্তু এই দম্পতির ইচ্ছায় বাধ সেধেছে আর্জেন্টিনার একটি আইন। সে আইন অনুযায়ী একজনের নামের দ্বিতীয় অংশ অন্যের নামের প্রথম অংশ হিসেবে ব্যবহার করতে অনুমতির প্রয়োজন হয়। অবশেষে প্রয়োজনীয় সেই অনুমতি নিয়েই ভ্যারেলা দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন মেসি।
‘মেসি’ আর্জেন্টাইন ফুটবল তারকার নামের দ্বিতীয় অংশ। প্রথম অংশ লিওনেল। ভ্যারেলা দম্পতি তাঁদের সন্তানের নাম রাখতে চেয়েছেন ‘মেসি ড্যানিয়েল ভ্যারেলা’। এটা করতে গিয়ে বুয়েনস এইরেসের সিভিল রেজিস্টারের কার্যালয়ে ধরনা দিতে হয়েছে ভ্যারেলা দম্পতিকে। অনেক কাঠখড় পুড়িয়ে ছেলের নামকরণ দম্পতিকে তৃপ্তি দিলেও পুরো বিষয়টিকেই ‘অপ্রয়োজনীয়’ বলছেন তাঁরা, ‘দেখুন মা-বাবারা তাঁদের ছেলেমেয়েদের কী নাম দেবেন, সেটা একান্তই তাঁদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে অনুমতি, সরকারি অফিসে ধরনা খুবই বাজে ব্যাপার।’
ছেলের নাম মেসি রাখতে বাধার সম্মুখীন হয়ে সিভিল রেজিস্টার বরাবর একটি চিঠি লিখেছিলেন ড্যানিয়েল ভ্যারেলা, ‘আমি ওই চিঠিতে স্পষ্টই নিজের বিরক্তি প্রকাশ করেছি। বলেছি, সন্তানের নামকরণ সম্পূর্ণ মা-বাবার এখতিয়ার ও ইচ্ছায় সীমাবদ্ধ থাকা উচিত।’
১৯৬৯ সালে তৈরি এই আইনটিকে বিলুপ্ত করার ব্যাপারে সাধারণ আর্জেন্টাইনদের দাবি দীর্ঘদিনের। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই লাতিন আমেরিকার এই দেশটির। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই আইনটি এখন অনেকটাই শিথিলতার সঙ্গে প্রয়োগ করা হয় বলে জানা গেছে। রয়টার্স।