'মেসি' নয়, 'ম্যারাডোনা' হতে চান রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি নন ম্যারাডোনাকেই বেছে নিয়েছেন রুনি। ছবি: সংগৃহীত
মেসি নন ম্যারাডোনাকেই বেছে নিয়েছেন রুনি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে, ম্যারাডোনা নাকি মেসি? এ প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক অনেকেই। ইংলিশ তারকা ওয়েন রুনি অবশ্য সেই দলে নেই। রুনির দৃষ্টিতে নিজের পূর্বসূরির তুলনায় অনেকটাই নাকি এগিয়ে আছেন মেসি। কিন্তু দেশের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগতভাবে ‘মেসি’ নয়, ‘ম্যারাডোনা’ই হতে চান তিনি।
ইউরো বাছাইপর্বে আজ শনিবার রাতে সান মেরিনোর মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের গুরুত্ব বিবেচনা করলে এ খেলা নিয়ে তেমন কোনো আগ্রহ থাকার কথা নয় কারওরই। এই সান মারিনোই ইংল্যান্ডের সঙ্গে আগের পাঁচটি লড়াইয়ে ৩১ গোল খেয়েছে। তবে এই ম্যাচকে সামনে রেখে ইংলিশ গণমাধ্যম তাকিয়ে আছে রুনির দিকেই। কারণ এই ইংলিশ স্ট্রাইকারকে হাতছানি দিচ্ছে দারুণ এক কীর্তিগাথা।
ইংল্যান্ডের হয়ে ১০৫টি ম্যাচ খেলে ৪৮টি গোল করেছেন রুনি। আর মাত্র দুটি গোল করতে পারলেই তিনি ছাড়িয়ে যাবেন ৪৯ গোল করা স্যার ববি চার্লটনকে। তবে চার্লটনকে একটি ব্যাপারে ছাড়িয়ে যেতে ঢের বাকি রুনির। সাবেক ইংলিশ তারকা ১৯৬৬ সালে দেশের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। রুনি এই সাফল্যের ধারেকাছেও নিজেকে নিয়ে যেতে পারেননি। উপরন্তু জাতীয় দলের জার্সি গায়ে সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স হতাশারই জন্ম দেয়।
রুনি নিজেকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে চান। ‘মেসি’ কিংবা ‘ম্যারাডোনা’ হওয়ার ব্যাপারটিও এসেছে এই প্রসঙ্গেই, ‘আমার দৃষ্টিতে মেসি ম্যারাডোনার চেয়ে অনেক ভালো খেলোয়াড়। কিন্তু কিছু দিন আগেও ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করতে চাইত না কেউ, কারণ ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন। ফুটবল খেলাটি এমনই।’
রুনি নিজেও এই সত্যটি মেনে নিয়েছেন। নিজেকে চার্লটনের পর্যায়ে নিতে চাইলে যে তাঁকেও বিশ্বকাপ জিততে হবে সেটিও জানা আছে। রাশিয়ায় বিশ্বকাপ হাতে নিয়ে উৎসবে মেতেছে—এমন স্বপ্নও দেখেন উনত্রিশ বছরের এই ইংলিশ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের মতে, ‘কিংবদন্তি হতে হলে আপনাকে শিরোপা জিততে হবে। দল হিসেবে আপনার অর্জন কি সেটি মূল ব্যাপার। স্যার ববি চার্লটন সেটা করতে পেরেছেন। আশা করছি আমিও তেমন কিছু করতে পারব অবসরের আগে।’
ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন আপাতত একটু দূরেই রাখতে হবে রুনিকে। এখনো ইউরো বাছাইপর্ব পেরোয়নি ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ও এখনো শুরু হয়নি তাঁদের। তবে ৫২ বছর পরে ইংল্যান্ডকে যদি বিশ্বকাপ জেতাতে পারেন, ‘ম্যারাডোনা’ নয় ‘রুনি’ নামটিই যথেষ্ট হবে একজন কিংবদন্তির পরিচয় হিসেবে। সূত্র: গোল ডট কম