'মেসি'র ওপর নিষেধাজ্ঞা!

না, চমকাবেন না। নিষেধাজ্ঞাটা মেসির ওপরেই। তবে খেলোয়াড় মেসির ওপরে নয়, মেসি নামটার ওপর। আর্জেন্টিনার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশটির রোজারিওতে জন্মানো নতুন কোনো শিশুর নাম ‘মেসি’ রাখা একেবারেই নিষিদ্ধ। মেসি নামটার প্রতি মা-বাবার বাড়তি আগ্রহ এবং ভবিষ্যতে এ নিয়ে বিভ্রান্তি ও নাম-সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
রোজারিওতেই লিওনেল মেসির জন্ম। মেসি নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিত। তবে ‘মেসি’ ঠিক তাঁর নাম নয়, বংশ-পদবি। তাঁর নাম লিওনেল, আরও সংক্ষেপে লিও। এত দিন ধরে রোজারিও ও আর্জেন্টিনায় লিও বা লিওনেল নাম রাখার চলই বেশি ছিল। কিন্তু কদিন ধরে কেউ কেউ নিজের নবজাতকের নাম সরাসরি মেসিই রাখতে চাইছেন। কিন্তু মেসি যেহেতু একটা বংশ-পদবি, এ কারণে এটি অন্য কেউ ব্যবহার করলে সেটি নিয়ে বিভ্রান্তি দেখা দেবে বলে মনে করছেন কর্মকর্তারা। সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্টারের পরিচালক গঞ্জালো কালিল্লো ‘মেসি’ নামের এই সম্ভাব্য মহাপ্লাবনই রুখতে চান। তাঁর মতে, এটা আইনসম্মতও নয়।
রিও নেগ্রোর হেক্টর ভারেলা নামের এক ব্যক্তি দুই সপ্তাহ আগে জন্মানো নিজের সন্তানের নাম ‘মেসি’ নামে নিবন্ধন করিয়ে ফেলেন। আর্জেন্টিনায় নাকি এই প্রথম কেউ নিজের সন্তানের প্রথম নাম মেসি রাখল। কারণ অন্য বংশের নাম পদবি কেউ তো আর নিজের ডাক নাম হিসেবে ব্যবহার করে না। ভারেলা গর্ব ভরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মেসির বাবা।’ কেন ডাক নামে একটা বংশ-পদবি ব্যবহার করলেন, সেটিও ব্যাখ্যা করেছেন, ‘অনেকেই নিজের ছেলের জন্য মেসিকে ভালোবেসে লিওনেল নাম রাখে। কিন্তু সেই নামের চেয়ে এটা তো আরও ভালো, ঠিক কিনা?’ সূত্র: মার্কা।