'মেস্তায়া-ভূত' ছাড়ল না রিয়ালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলের অভিব্যক্তিই বলে দিচ্ছে মেস্তায়ায় কাল রাতটা কেমন কেটেছে রিয়ালের। ছবি: রয়টার্স।
বেলের অভিব্যক্তিই বলে দিচ্ছে মেস্তায়ায় কাল রাতটা কেমন কেটেছে রিয়ালের। ছবি: রয়টার্স।

‘মেস্তায়া-ভূত’টা জিদানের ঘাড় থেকে যেন নামছেই না! বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন। জিনেদিন জিদানের সেই উপলক্ষকে তেতো করে দিয়েছিল মেস্তায়া। অভিষেক হয়েছিল হার দিয়েই। কোচ জিদানেরও ‘মেস্তায়া অভিষেক’-টা হলো হার দিয়ে। কাল ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল।
ফরাসি কিংবদন্তি অবশ্য একা নন। রিয়ালের কোচদের জন্য এ মাঠটা ‘কুফা’ অনেক দিন ধরেই। ১৪-১৫ মৌসুমে এই মাঠেই ভেঙে গিয়েছিল আনচেলত্তির রিয়ালের টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ড। ১৫-১৬ মৌসুমে এখানে ড্র করে তো চাকরিই হারাতে হয়েছিল রাফা বেনিতেজকে। কোচ হিসেবে স্বপ্নের মতো এক বছর কাটানো জিদানও পারলেন না সেই অভিশাপ কাটাতে। হার দিয়ে ‘মেস্তায়া অভিষেক’ হয়েছে তাঁরও।
একদিকে লিগের শীর্ষে থাকা রিয়াল। অন্যদিকে চলতি মৌসুমে ধুঁকতে থাকা ভ্যালেন্সিয়া। এ মৌসুমেই তিন তিনবার কোচ বদলেছে দলটি। স্ট্রাইকারদের ব্যর্থতা লিগে ১৫ নম্বরে নামিয়ে দিয়েছিল। আগের ২২ ম্যাচে মাত্র ৩১ গোল করা ভ্যালেন্সিয়াই কিনা কাল প্রথম দশ মিনিটেই রিয়ালের জালে বল পাঠাল ২বার! ৫ মিনিটে দুর্দান্ত এক ভলি, সিমোনে জাজা এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া। ৪ মিনিট পরই আরেকটি প্রতি-আক্রমণে ওরিয়ানার গোলে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। ১৪ মিনিটে মুনির এল হাদ্দাদির শট মার্সেলো ক্লিয়ার না করলে ধরাছোঁয়ার বাইরে চলে যেতেই পারতো স্বাগতিকেরা। কোচ জিদানের দুঃখটাও এখানে, ‘রিয়াল প্রথম ১০ মিনিটেই ম্যাচ হেরেছে। আমরা খুব উন্মুক্ত ছিলাম আর একটা বাজে মুহূর্ত আমাদের শেষ করে দিল।’
প্রথমার্ধের একেবারে শেষদিকে মার্সেলোর ক্রসে ‘ট্রেডমার্ক’ হেডে রিয়ালকে ম্যাচে ফেরান রোনালদো। এর মিনিট খানেক পরই রোনালদোর আরেক শট একটুর জন্য লক্ষ্যচ্যুত না হলে প্রথমার্ধেই সমতায় ফিরতে পারতো রিয়াল। ৫৪ মিনিটে মাঙ্গালা রোনালদোকে বক্সে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টায় হামেস রদ্রিগেজকে তুলে গ্যারেথ বেলকেও নামিয়েও লাভ হয়নি। রিয়ালের আক্রমণের ধার উল্টো কমেছে হামেস উঠে যাওয়ায়।
৬৭ এবং ৭২ মিনিটে উল্টো ভ্যালেন্সিয়া দুটি পেনাল্টি পেলেও পেতেও পারত। শেষদিকে চার ফরোয়ার্ড নিয়ে খেলেও দ্বিতীয় গোলটাই কেবল পায়নি রিয়াল। শেষ দিকে বেল ও রোনালদোর দুটো হেডও হার ঠেকাতে পারেনি রিয়ালের। রিয়ালের হারে লা লিগা শিরোপা দৌড়ে একটু স্বস্তি ফিরল বার্সা ও সেভিয়া-শিবিরে। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অবশ্য তালিকার শীর্ষেই রইল রিয়াল। ‘লসব্লাঙ্কো’দের চেয়ে এক ম্যাচ বেশি খেলা বার্সা ও সেভিয়ার পয়েন্ট যথাক্রমে ৫১ এবং ৪৯।
জিদান অবশ্য এই হারেই সবশেষ মানতে রাজি নন, ‘আমরা জানতাম জিতি বা হারি—এই ম্যাচেই লিগের ভাগ্য নির্ধারিত হবে না। এখন আমাদের রোববারের ম্যাচ নিয়ে ভাবতে হবে।’ সেদিনও কঠিন পরীক্ষা রিয়ালের। ‘ইয়েলো সাবমেরিন’ ভিয়ারিয়াল যে বরাবর রিয়ালকে ডোবাতে পছন্দ করে!