'মোনাকো-কুফা' কাটাতে পারবেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক?

>২০০৬ বিশ্বকাপ থেকে প্রতিটি ফাইনালেই খেলছেন ফরাসি ক্লাব মোনাকোর কোনো না কোনো গোলরক্ষক। এবারের ফাইনালেও থাকছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ। ক্রোয়াট গোলরক্ষকের জন্য শঙ্কার বিষয় হলো, ফাইনালে সব সময়ই হেরেছেন মোনাকোর গোলরক্ষকেরা
ফরাসি ক্লাব মোনাকোর একটা গর্ব আছে। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনাল থেকেই একটা ব্যাপার চলে আসছে। গত তিনটি বিশ্বকাপের ফাইনালেই মোনাকোর অন্তত একজন গোলরক্ষক থাকেন। এই গোলরক্ষকেরা ফাইনালের সময় বা ক্যারিয়ারের কোনো না কোনো সময় মোনাকোর গোলবার সামলিয়েছেন। এবারের ফাইনালেও তার ব্যতিক্রম হচ্ছে না।
ফ্রান্সের গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজ, হল্যান্ডের মার্টেন স্টেকেলেনবার্গ, আর্জেন্টিনার সার্জিও রোমেরো—এই তিনের সঙ্গে এবার যোগ দিচ্ছেন ক্রোয়েশিয়ার ড্যানিয়েল সুবাসিচ।
বার্থেজ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিলেন মোনোকোতে খেলার সময়। ২০০৬ সালে অবশ্য তিনি ছিলেন মার্শেইয়ের গোলবারের নিচে। তবে স্টেকেলেনবার্গ ২০১০ ও রোমেরো ২০১৪ সালে মোনাকোতে খেলার সময়ই সুযোগ পেয়েছিলেন দেশের হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলার। এবার সুবাসিচেরও সেই সুযোগ হচ্ছে।
আটানব্বইয়ে বার্থেজ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু ২০০৬ থেকে মোনাকো গোলরক্ষকেরা কেন যেন বিশ্বকাপ ফাইনালে জিততে পারছেন না। ২০০৬ সালে বার্থেজ ব্যর্থ হয়েছিলেন (যদিও তিনি সে সময় মার্শেইয়ে), ২০১০ সালে ব্যর্থ স্টেকেলেনবার্গ, ২০১৪-এ রোমেরো। এবার কি সুবাসিচের পালা?
৩৩ বছর বয়সী সুবাসিচ ২০১২ সালে ক্রোয়েশিয়ার ক্লাব হাদজুক স্পলিট থেকে নাম লেখান মোনাকোতে। এখনো সেখানেই রয়েছেন। মোনাকোর হয়ে এই কয় বছরে একবার লিগও জিতেছেন তিনি। এই বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার পেছনে সুবাসিচের অবদান অনেক। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ক আর কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে সুবাসিচই ছিলেন বীর।
‘মোনাকো–কুফা’ কাটাতে সুবাসিচকে আরও একবার বীর হয়ে উঠতে হচ্ছে।