'মোহামেডানের জোসি' শেখ জামালে

মোহামেডানের কোচ হিসেবে সময়টা ভালো যাচ্ছিল না। লিগের প্রথম আট ম্যাচে কোনো জয় ছিল না, ছয়টিতেই ড্র। দলের শক্তি অনুযায়ী এটিকে খারাপ ফল বলার উপায় ছিল না। তবু জোসিমউদ্দিন জোসি নানা কারণে মোহামেডানের অনুশীলনে আর যাচ্ছিলেন না। ওই দায়িত্ব থেকে সরে এসে কাল তিনি যোগ দিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।
তবে কোচ নয়, শেখ জামালে তাঁর পদ টেকনিক্যাল ডাইরেক্টর। দলটিতে এখন সুইডিশ কোচ স্টিফান হ্যানসন আছেন। তাঁর সঙ্গে কাজ করার পাশাপাশি আপাতত দলের ম্যানেজারের কাজটাও চালিয়ে নেবেন জোসি। কারণ, দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল পদত্যাগ করেছেন।
নতুন ভূমিকায় যোগ দিয়ে জোসি জানালেন, মাঠের মানুষ হিসেবে মাঠে থাকতে পারাই তাঁর কাছে বড় ব্যাপার। সেটি যে ভূমিকাতেই হোক না কেন, ‘ফুটবলের সঙ্গে থাকতে পারাই আসলে আমার জন্য তৃপ্তির।’ জোসির বড় পরিচয় মোহামেডানের ঘরের ছেলে। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে অগ্রণী ব্যাংক ও ব্রাদার্সে এক মৌসুম খেললেও মোহামেডানই তাঁর আসল ঠিকানা। ১৯৮১ থেকে ’৮৭ পর্যন্ত এবং পরে ৯১-৯২ মৌসুমে মোহামেডানের হয়ে খেলে অবসর নেন এই ফরোয়ার্ড।
সেই মোহামেডান ছেড়ে এবার শেখ জামালে যোগ দেওয়ার পেছনে অনুমিত কথাটাই বললেন, ‘পেশাদার দুনিয়ায় এটাই হয়।’ আর জোসিকে শুধু পরামর্শক বা প্রশাসনিক কাজে নয়, খেলোয়াড় তৈরিতেও কাজে লাগানোর কথা বললেন শেখ জামালের ফুটবল কমিটির প্রধান ও আরেক সাবেক তারকা আশরাফউদ্দিন চুন্নু। তাঁর কথা, ‘আমরা এখন থেকে নতুন খেলোয়াড় তৈরির দিকে মনোযোগী হব।’
এটা এখন সময়ের দাবি। তবে শেখ জামালের চোখ আপাতত প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপায়। এবার দলটির শক্তি ক্ষয় হলেও লিগের প্রথম পর্ব শেষে ১৯ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে শেখ জামাল।