'ম্যানেজার'ই আছেন রানিয়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছেন ‘জাদুকর’, কেউ বলছেন নেপথ্যের নায়ক। তবে ক্লদিও রানিয়েরি এত সব প্রশংসা গায়ে মাখছেন না। লেস্টার সিটিকে অবিশ্বাস্য একটি অর্জনের কাছে নিয়ে গিয়েও ইতালিয়ান কোচ অনেকটা নিস্পৃহই।
ওয়েস্ট হামের সঙ্গে আজ জিতলে ইংলিশ লিগ জয়ের আরেকটু কাছে চলে যাবে লেস্টার। এর পর ৪ ম্যাচে আর মাত্র ২টি জয় হলেই চলবে। ৬৪ বছর বয়সী রানিয়েরিকে নিয়ে ইংলিশ গণমাধ্যমে তাই জয়জয়কার। এসব অবশ্য রানিয়েরির কাছে নতুন নয়। চেলসি, ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, রোমা, ইন্টার মিলান ও মোনাকোর মতো ক্লাবে যিনি কোচিং করিয়েছেন, তাঁর তো এই প্রশংসায় অভ্যস্ত হওয়ার কথা। রানিয়েরির পা তাই মাটিতেই আছে, ‘আমাকে নিয়ে যে মাতামাতি হচ্ছে, সেটা খারাপ নয়। কিন্তু ইতালিয়ান গণমাধ্যমে অনেকবারই আমি শিরোনামে ছিলাম। গ্রিক পত্রিকাতেও তাই। তখন আমি যেমন ম্যানেজার ছিলাম, এখনো তাই আছি।’
লেস্টারে আসার আগে গ্রিসের কোচ ছিলেন। সেখান থেকে রানিয়েরির বিদায়টা অবশ্য সুখকর হয়নি, পুঁচকে ফারো আইল্যান্ডের কাছে হেরে চাকরি খোয়াতে হয়েছে। সেটাই মনে করিয়ে দিলেন ইতালিয়ান কোচ, ‘গ্রিসে আমি চার মাসে মাত্র ১৫ বার খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেতাম। তার মানে প্রতি ম্যাচের আগে শুধু তিন দিন। কোনো প্রীতি ম্যাচ নেই, আর কিচ্ছু নেই। আমি তখন কী করতে পারতাম? আমি কোনো জাদুকর নই, শুধু কঠোর পরিশ্রম করতে পারি।’
কিন্তু লেস্টার যদি চ্যাম্পিয়ন হয়, রানিয়েরি থাকবেন তো? নিজের দিক থেকে সবুজসংকেতই দিয়েছেন, ‘আমি তো থাকতেই চাই। চেয়ারম্যান খুশি থাকলে আমিও খুশি।’
লেস্টারও নিশ্চয়ই তাঁকে ছাড়তে চাইবে না! রয়টার্স, গোলডটকম।