'ম্যারাডোনার মতো না হলেও মেসিও নেতা'

তাঁকে নিয়ে অনেকেরই সমালোচনা—মেসি ঠিক নেতা নন। মাঠে বল নিয়ে যতই জাদুকরি কীর্তি করে বেড়ান, বল পা’ছাড়া হলেই কেমন যেন ম্রিয়মাণ। সতীর্থদের তাগাদা দেওয়া, জাগিয়ে তোলায় খুব একটা দেখা যায় না তাঁকে। এ নিয়েই কদিন আগে ম্যারাডোনার কথা শুনতে হয়েছিল মেসিকে—তাঁর নাকি ব্যক্তিত্ব নেই! তবে এ ব্যাপারে হুয়ান সেবাস্তিয়ান ভেরনের মন্তব্য, ম্যারাডোনার মতো না হলেও মেসিও নেতা।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক সতীর্থের পক্ষ নিলেন ভেরন, ‘লিও এমন কেউ না যে তার ব্যক্তিত্ব দিয়ে অন্যদের অভিভূত করে রাখে, যেমনটি ম্যারাডোনা করতেন। সে চুপচাপ থাকে, কিন্তু সে আওয়াজ না চড়িয়েই দলকে নেতৃত্ব দিতে পারে। সে তার মতোই নিজের কাজ করতে পারে। এর জন্য অত শক্ত ব্যক্তিত্ব না হলেও চলে।’
ম্যারাডোনার ওই সমালোচনার পর মেসি মুখে কিছু না বললেও মাঠে ঠিকই জবাব দিয়েছেন হ্যাটট্রিক করে। ভেরনের ইঙ্গিতও সে দিকেই, সবাই তো আর ম্যারাডোনা নন। কেউ কেউ তো মেসিও। চুপচাপ থেকেই যদি নেতৃত্ব দেওয়া যায় তাতে ক্ষতি কী!