প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা অবিশ্বাস্যই—হোসে মরিনহো দিব্যি কথার তোপ ছুড়ছেন, আর প্রত্যুত্তরে রাফায়েল বেনিতেজ একেবারে ‘স্পিকটি নট’! দুই দিন আগে বর্তমান রিয়াল কোচের স্ত্রী মরিনহোকে খোঁচা দিয়েছিলেন। খোঁচা খেয়ে চুপ মেরে বসে থাকার লোক নন পর্তুগিজ কোচ। তিনি উল্টো খোঁচা দিয়ে বসলেন বেনিতেজের ‘স্বাস্থ্য’ নিয়েই। বেনিতেজের স্ত্রীকে উদ্দেশ করে বলেছিলেন, রিয়াল কোচের খাবারের দিকটা আরও বেশি খেয়াল রাখা উচিত তাঁর। কথার লড়াইটাকে হয়তো একটু ব্যক্তিগত পর্যায়েই নিয়ে গিয়েছিলেন মরিনহো। বিরক্ত হয়েই কিনা, এটিকে আর বেশি দূর নিয়ে যেতে চান না বেনিতেজ। প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে তিনি এখন চীনে। সেখানেই সংবাদ সম্মেলনে মরিনহোর খোঁচা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নগুলোকে এড়িয়ে গেলেন রিয়াল কোচ, ‘যে বিষয়টা আমি বুঝি শুধু সেটা নিয়েই কথা বলি—ফুটবল।’ তাহলে ‘রণে’ ভঙ্গ দিলেন বেনিতেজ! মার্কা।