'যেতে চাইলে যেতে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে চায়নিজ সুপার লিগ (সিএসএল)। বড় তারকা, উঠতি তারকা, কোচ—সবাইকেই অর্থের ঝনঝনানিতে টেনে নিয়ে যাচ্ছে তারা। এতে অনেকেই চিন্তিত, বেশির ভাগই বিরক্ত। চীনের সঙ্গে অর্থের লড়াইয়ে পারছে না কেউ। হোসে মরিনহো অবশ্য সিএসএল নিয়ে অতটা ভাবতে রাজি নন। তাঁর মতে, যদি কোনো তরুণ খেলোয়াড় অর্থের লোভে পড়ে যেতেই চান, তাঁকে যেতে দেওয়াই ভালো, ‘৩১ বা ৩২ বছর বয়সী কেউ যদি কয়েক বছরের জন্য যায় আর ব্যাংক অ্যাকাউন্ট ভরিয়ে আনে, তাহলে ঠিক আছে। কিন্তু নতুন কেউ যদি বিশ্বের সেরা লিগে সুযোগ পেয়েও অর্থকে বেছে নেয়, তবে তাদের ওখানেই যাওয়া ভালো।’
শুধু খেলোয়াড় নন, কোচদেরও ডাকছে চীন। এর মধ্যেই মার্সেলো লিপ্পির পথ ধরে চীনে দেখা যাচ্ছে লুইস ফিলিপে স্কলারি ও সভেন গোরান এরিকসনকে। মরিনহোও পেয়েছিলেন ডাক, ‘আমার কাছেও বড় অঙ্কের প্রস্তাব এসেছিল কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছি। তার মানে এই নয়, যারা যাচ্ছে আমি তাদের সমালোচনা করছি। এটা তাদের জীবন, তাদের পছন্দ।’ সমালোচক না হলেও এ নিয়ে ঠিকই চিন্তিত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। পছন্দের খেলোয়াড়দের দলে ধরে রাখা যে দিন দিন কঠিন করে তুলছে চীন, ‘নতুন চুক্তিতে আপনি ৫০ লাখ পাউন্ড বেতন দিতে চাচ্ছেন, আর চীন প্রস্তাব দিল ২ কোটি ৫০ লাখের। এটা বিরাট সমস্যা!’ জিকিউ ম্যাগাজিন