'রামোস-মুহূর্তে' এবার রোনালদোর গোল, ফাইনালে রিয়াল

ক্লাব আমেরিকা সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর যা-ই হোক, ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও রামোসকে বক্সে জায়গা দেওয়া যাবে না। মেক্সিকান ক্লাবটির কোচ তো ঘোষণাও দিয়ে রেখেছিলেন, যে ডিফেন্ডার রামোসকে জায়গা ছাড়বেন, তাঁর জরিমানা হবে।
কিন্তু ম্যাচের আগেই সেসব হিসেব নিকেশ হাওয়া। রামোসকে এই ম্যাচে বিশ্রামই দিয়ে রাখলেন জিনেদিন জিদান। তা রামোস নেই, কিন্তু ‘রামোস-মুহূর্তে’ গোলের হাত থেকে বাঁচল না ক্লাব আমেরিকা। এবার গোলটা ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে। তাতেই ম্যাচ ২-০ গোলে জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেল রিয়াল মাদ্রিদ।
বলতে গেলে ম্যাচটা হয়তো রোনালদোর গোলের অপেক্ষাতেই ছিল। মাত্রই নিজের চতুর্থ ব্যালন ডি’অর জিতে ক্লাব বিশ্বকাপ খেলতে এসেছেন রিয়াল ফরোয়ার্ড। গোল দিয়ে সেটি উদ্যাপন করবেন না, তা হয়! কিন্তু ম্যাচের শুরু থেকেই গোল যেন আড়ি পেতে বসেছিল রোনালদোর সঙ্গে। ২৭ মিনিটে তাঁর হেড লাগল পোস্টে। ৬২ মিনিটে তো রোনালদোর জোরালো শট যেভাবে ক্লাব আমেরিকা গোলকিপারের হাতে লেগে ফিরল, মনে হলো হাত-টাত বুঝি ভেঙেই গেল। ৬৭ মিনিটে অবশ্য নিজের দোষেই গোল পাননি। ফাঁকা পোস্ট ছিল, কিন্তু হেডটা পোস্টেই রাখতে পারলেন না রোনালদো!
পুরো ম্যাচে অনেক দৌড়ে খেলেছেন। ক্রমাগত প্রেসিং, দুই উইঙ্গারের সঙ্গে বোঝাপড়াও ছিল ভালো...কিন্তু গোল পাচ্ছিলেন না বলে রোনালদোর নিজের হতাশাটাও চোখে পড়ছিল। অপেক্ষাটা ঘুচল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে। বদলি নামা হামেস রদ্রিগেজের থ্রু ধরে রোনালদোর আড়াআড়ি শট জড়িয়ে গেল জালে। যদিও গোলের আগে রোনালদো অফসাইড ছিল কি না, সেটি নিয়ে ভিডিও রেফারির সিদ্ধান্তটা আসতে অনেকক্ষণ সময় লেগেছে। মাঠেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে কিছুক্ষণ ছিল বিভ্রান্তি। শেষ পর্যন্ত অবশ্য রেফারি সব ধোঁয়াশা কাটিয়ে দেন—গোল! ২-০! ফাইনালে রিয়াল!
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রোনালদোর গোলের আগেই অবশ্য রিয়ালের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। করিম বেনজেমাই নিশ্চিত করে দিয়েছিলেন সেটি। সেই গোলটিও এসেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। টনি ক্রুসের থ্রু ধরে পায়ের বাইরের অংশের দুর্দান্ত শটে রিয়ালকে এগিয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
এই বছরের বিশ্বসেরা হতে রিয়ালের এখন অপেক্ষা আর একটি ম্যাচের। রোববার ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সের সঙ্গে ফাইনাল। দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক দুটি প্রতিযোগিতাতেই দলকে জিতিয়েছেন জিদান (চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ)। হ্যাটট্রিক হবে তাঁর? সূত্র: নিও স্পোর্টস।