'রিয়ালের ওপর বিরক্ত রোনালদো'!

এমনিতেই ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন কি না, এনিয়ে জোর গুঞ্জন বাজারে। শোনা যাচ্ছে, জানুয়ারির দলবদলেই তিনি পাড়ি জমাতে পারেন তাঁর পুরোনো জায়গা ওল্ড ট্র্যাফোর্ডে। এই গুঞ্জনের পালে এবার হাওয়া দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ সভাপতি রামোন কালদেরোন। জানালেন, রিয়ালের ওপর নাকি ভীষণ বিরক্ত রোনালদো!
রিয়ালের ওপর হঠাৎ এত চটলেন কেন রোনালদো? অর্থ-কড়ি তো বটেই, অন্যান্য সুযোগ-সুবিধার দিক দিয়েও রোনালদোকে সন্তুষ্ট রাখার ক্ষেত্রে রিয়ালের চেষ্টার কমতি নেই। তবুও কেন বিরক্ত এই পতুর্গিজ উইঙ্গার? পুরো বিষয়টি কালদেরোন ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার মতে, সে বর্তমান প্রেসিডেন্টের নীতির ওপর বিরক্ত। দলবদলের বিষয়গুলোতেই রোনালদোর মধ্যে এসেছে এই বিরক্তি। সে যখন প্রথমবার রিয়ালে এসেছিল (২০০৯), তখন আরিয়েন রোবেন বার্নাব্যুতে ছিলেন। রোনালদো ভেবেছিলেন রোবেন হবেন তাঁর আদর্শ জুটি। কিন্তু রোবেনকে বিক্রি করে দেওয়া হলো। হিগুয়েইন, ডি মারিয়া কিংবা জাবি আলোনসো—এই খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার বিষয়টিও রোনালদোর পছন্দ হয়নি। গত মৌসুমে মেসুত ওজিলের বিক্রি নিয়েও সে ছিল যথেষ্ট বিরক্ত।’
কিছুদিন আগে অবশ্য ডি মারিয়া ও আলোনসোকে বিক্রির ব্যাপারে নিজেই বিরক্তি প্রকাশ করেছিলেন। পরে এ নিয়ে জলঘোলা হলে কথার মারপ্যাঁচেই তা সামাল দিয়েছিলেন। পরেও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন নিজেদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি অস্বীকার করে। কিন্তু সাবেক রিয়াল সভাপতির কথা বলে ধামাচাপা দেওয়া সমস্যাটিই যেন নতুন করে আলোয় নিয়ে এলেন। সূত্র: গোল ডটকম।