'রিয়াল না জিতলে রেফারি বাঁশি বাজায় না'

ম্যাচটা জিততেই চলেছিলেন। অন্তত ড্রটা হলেও তো হতো। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এক পয়েন্ট নিয়ে ফেরাও কম কীসে! কিন্তু গাইজকা গারিতানো দেখলেন, কীভাবে শেষ মুহূর্তের গোলে মুঠো থেকে বেরিয়ে গেল একটা পয়েন্ট। না, সার্জিও রামোস নয়; গারিতানোর চোখে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রেফারি!
লা লিগার গত ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে লা করুনিয়া। আবারও শেষ মুহূর্তে রামোস ভেলকি। ৯২ মিনিটে তাঁর গোলে পুরো ৩ পয়েন্ট পায় রিয়াল।
কিন্তু এই ম্যাচ নিয়ে রেফারিকে একেবারে ধুয়ে দিয়েছেন লা করুনিয়া কোচ গারিতানো। রিয়ালের গোলের কিছুক্ষণ পরেই রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। গারিতানোর দাবি, রেফারি যেন অপেক্ষাই করছিলেন রিয়ালের গোলের!
ক্ষুব্ধ গারিতানো বক্তব্য, এমনটা অবশ্য নতুন নয়। বরাবরই এমনটা হয়ে এসেছে, ‘মাদ্রিদ সব সময়ই শেষ মুহূর্তের ওপর নিজেদের প্রভাব খাটায়। কখনো দেখবেন, ৫ মিনিট অতিরিক্ত সময় যুক্ত করা হয়েছে। কখনো দেখবেন, ম্যাচে আর সময় নেই। আবার আমরা জানি, ওরা গোল না করা পর্যন্ত খেলা চলতেই থাকবে। রিয়াল যতক্ষণ না গোল করে, বার্নাব্যুতে ততক্ষণ পর্যন্ত সময় যুক্ত করা হয়। আর ওরা গোল করলেই বেজে ওঠে ম্যাচ শেষের বাঁশি।’ সূত্র: গোল, ইএসপিএন।