'রিয়াল নয়, বেনিতেজ যেন গেটাফের কোচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বেনিতেজের। ছবি: এএফপি।
সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বেনিতেজের। ছবি: এএফপি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অসুখী মানুষদের তালিকা করলে রাফায়েল বেনিতেজের নামটা বোধ হয় ওপরের দিকেই থাকবে। বেচারার যেন দু-দণ্ড শান্তিতে থাকার জো নেই। ব্যাপারটা অনেকটা এমন যেন বিশ্বের প্রতিটি লোকেরই রিয়াল মাদ্রিদ কোচের বিষয়ে কিছু নেতিবাচক কথা বলার আছে। রিয়ালে আসার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনা চলছে, এল ক্লাসিকোতে বার্সার কাছে পরাজয়ের পর তা ভয়াবহ রূপ নিয়েছে।

নতুন করে এবার বেনিতেজের সমালোচনা করা লোকটির নাম ডেভিড ভিদাল। নিজেকে রিয়াল কোচের ‘বন্ধু’ পরিচয় দিয়ে স্প্যানিশ ক্লাব আলবাসেতের এই কোচ বললেন, ‘মনে হচ্ছে যেন বেনিতেজ রিয়াল নয়, গেটাফের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।’

স্প্যানিশ কোপা দেল রের ‘রাউন্ড অব ৩২’ এর ম্যাচে আজ রাতে স্প্যানিশ তৃতীয় বিভাগের দল কাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এক সময় এই দলটির কোচ ছিলেন ডেভিড ভিদাল। এই ম্যাচ উপলক্ষে স্প্যানিশ রেডিও চ্যানেল রেডিও ফোরজিতে দেওয়া এক সাক্ষাৎকারে ভিদাল বললেন, ‘ও আমার বন্ধু। আমি ওকে জীবনের শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়ে যাব। তবে ওর বোঝা উচিত, ও গেটাফে নয়, রিয়াল মাদ্রিদের কোচ!’

দায়িত্ব নেওয়ার পর থেকে বেনিতেজকে সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে তাঁর রক্ষণাত্মক কৌশল নিয়ে। রিয়ালের মতো একটা দল, যেখানে এত এত তারার মেলা, এত এত বিশ্বসেরা খেলোয়াড়, তারা কেন আক্রমণাত্মক খেলবে না—বেনিতেজকে ঘিরে এই প্রশ্নগুলোই উঠে আসছে বেশি। ভিদালও বললেন একই কথাই, ‘লোকে বলে রক্ষণে সমন্বয় আর আক্রমণে উদ্ভাবনী ক্ষমতা থাকতে হয়। এটা সঠিক নয়। ওকে এর চেয়েও বেশি কিছু করতে হবে, কারণ ওর হাতে আছে বিশ্বসেরা সব খেলোয়াড়। ওর আরও মোহনীয় ফুটবল উপহার দিতে হবে।’

তবে শুধু বেনিতেজই নয়, এই আলবাসেতে কোচ সমালোচনা করলেন রিয়াল যুবদলের কোচের দায়িত্ব পালন করা জিনেদিন জিদানেরও। ফ্রেঞ্চ কিংবদন্তির আরও ভালো করা উচিত ছিল বলে মনে করেন ভিদাল, ‘বিশ্বসেরা একাডেমির খেলোয়াড়গুলো আছে তাঁর দলে। দুই বছর আগেই তাঁর কাস্তিয়াকে স্প্যানিশ দ্বিতীয় বিভাগে উঠিয়ে আনা উচিত ছিল। ও কোনো কিছুই ঠিকভাবে করতে পারছে না।’

দেখে মনে হচ্ছে, রিয়ালের পুরো কোচিং পদ্ধতি নিয়েই বেশ নাখোশ এক সময় ভিয়ারিয়ালের দায়িত্ব পালন করা এই ভিদাল। তথ্যসূত্র: মার্কা, গোলডটকম।