'রিয়ালকে নিয়ে রেফারি-বিতর্ক ফেনিয়ে তোলা হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ব্যাগ নিয়েই যত গোলমাল!
এই ব্যাগ নিয়েই যত গোলমাল!

ছোট ঘটনাকেই ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। জিনেদিন জিদানের দাবি তেমনটাই। রেফারিকে জড়িয়ে বিতর্ক ফেনিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে কারণ দলটা রিয়াল মাদ্রিদ বলেই। কাল সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করলেন রিয়াল কোচ।

গত রোববার স্প্যানিশ লিগে ভিয়ারিয়াল-রিয়াল ম্যাচটি নিয়েই বিতর্কের শুরু। বিতর্কটা উসকে দিয়েছেন ভিয়ারিয়ালের সভাপতি ফার্নান্দো রোচ। তাঁর অভিযোগ, ম্যাচের পর রেফারি হেসুস গিল মানজানো ও সহযোগীরা হাতে একটা করে ব্যাগ নিয়ে মাঠ ছেড়েছেন, যে ব্যাগ তাঁরা পেয়েছেন রিয়ালের কাছ থেকে। টিভি ক্যামেরায়ও ধরা পড়েছে মানজানোর হাতে ধরা সেই ব্যাগ। এটি কতটা নৈতিক, এ প্রশ্ন উঠেছে। তবে সেই প্রশ্নের বৃত্ত ছাড়িয়ে ব্যাপারটিকে ‘রেফারিকে ঘুষ’ এমন একটা আবহ দেওয়া হচ্ছে। ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচটা জিতেছিল রিয়াল। সেই ম্যাচে পেয়েছিল বিতর্কিত পেনাল্টিও।
ম্যাচ শেষে বিতর্কটা ঘনিয়ে উঠছে। তবে তাতে রং মেশানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে জিদান বলেছেন, ‘হ্যাঁ হচ্ছে, তা তো পরিষ্কার। আমি রেফারিদের ব্যাপারে জড়িত হতে চাই না। আমার খেলোয়াড়েরাও রেফারির সিদ্ধান্তকে সম্মান জানায়। এ দিক দিয়ে আমি স্পেশাল একটা দল পেয়েছি, যারা সবকিছু ন্যায্যভাবে করতে চায়। এতে অনেকের জ্বলতে পা​রি, আমি বুঝি।’
কিন্তু এ নিয়ে তো অনেক বিতর্ক হচ্ছে। এমনকি জেরার্ড পিকে পর্যন্ত টুইট করেছেন। জিদানকে তাতেও টলানো গেল না। বললেন, ‘যে যার মত দিতেই পারে, তবে এতে আমি নিজেকে জড়াব না। কোনো খেলোয়াড় যা খুশি বলতে পারে, কোনো ক্লাব প্রেসিডেন্ট। কেউ তো আর তাদের মুখ বন্ধ করতে পারবে না। আমি শুধু একটা কথাই বলতে পারি, এর কোনো কিছুই সত্যি নয়।’
রিয়ালকে নিয়ে সব সময়ই এমনটা হয়ে আসছে বলেই দাবি জিদানের, ‘রিয়ালকে নিয়ে অনেক দিন ধরেই এসব করা হচ্ছে, আমি হয়তো কোচ হিসেবে এক বছরে এসব দেখছি। কিন্তু রিয়ালকে নিয়ে সব সময়ই এসব করা হয়।’
আরও পড়ুন:
রেফারির হাতে রিয়ালের ‘উপহারের ব্যাগ’!