'রিয়ালকে ভয় পায় বার্সেলোনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে ভয় পায় বার্সেলোনা! ছবি: এএফপি।
রিয়ালকে ভয় পায় বার্সেলোনা! ছবি: এএফপি।

ছিলেন জুতোর সেলস ম্যান। সেখান থেকে ফুটবল কোচ! তাও কাজ করেছেন এসি মিলান, ইতালি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবে। কোনো দিনও পেশাদার ফুটবলে না খেলা আরিগো সাচ্চি ফুটবলের অমৃত বচনগুলোর একটির জন্ম দিয়েছেন। এত সাদামাটা খেলোয়াড়ি জীবন এত বড় তারকা কোচ কীভাবে হলেন—এমন বাঁকা জিজ্ঞাসার জবাবে বলেছিলেন, ‘আমি জানতাম না ঘোড়ার জকি হওয়ার জন্য আগে আপনাকে ঘোড়া হতে হবে।’
সেটা যে হতে হয় না, মিলানকে টানা দুবার ইউরোপিয়ান কাপ জিতিয়ে প্রমাণও করে দিয়েছিলেন। সাচ্চির সেই কীর্তির পর গত ২৫ বছরে আর কোনো ক্লাবই টানা দুবার এই শিরোপা জেতেনি। ধারণা করা হচ্ছে, এবার বার্সেলোনা সেই সিকি শতকের শূন্যতা ঘুচিয়ে দেবে।
আসলেই কি পারবে বার্সা? অনেক বড় শক্তির দল নিয়েও তো অনেক কোচই তা পারেনি। এমনকি পেপ গার্দিওলাও নয়। এ ব্যাপারে কিছু বলার এখতিয়ার সম্ভবত সাচ্চিরই সবচেয়ে বেশি। রিয়ালের ফুটবল ডিরেক্টর হিসেবে এক মৌসুম কাজ করে যাওয়া এই ইতালিয়ান বলছেন, বার্সার ভালো সম্ভাবনা আছে। তবে তাদের একমাত্র ভয়ের নাম রিয়াল মাদ্রিদ, ‘কোনো সন্দেহ নেই বার্সেলোনাই সবকিছু (শিরোপাত্রয়ী) জেতার জন্য ফেবারিট। কিন্তু তারা কিন্তু রিয়াল মাদ্রিদকে ভয় পায়। বার্সেলোনা খুব ভালো করেই জানে, রিয়ালই কেবল পারে বার্সেলোনার জয়রথ থামাতে। চ্যাম্পিয়নস লিগ জয়ে বার্সেলোনার পথে কাঁটা বিছিয়ে দিতে পারে কেবল রিয়ালই।’
সাচ্চি এর ব্যাখ্যাও দিয়েছেন, ‘বার্সেলোনা জানে, রিয়ালে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা নিজেদের ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের গৌরব এনে দিতে পারে।’
ইউরোপ-সেরার লড়াইয়ের শেষ ষোলোতে আজ রিয়াল মুখোমুখি হবে সাচ্চিরই দেশে ক্লাব রোমার। সাচ্চি মনে করেন রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল যাত্রায় রোমা কোনো বাধা নয়, ‘আমার মনে হয় রিয়াল খুব সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। যদিও চ্যাম্পিয়নস লিগের কোনো খেলাই সহজ নয়। তবে রোমা যে ধরনের সমস্যার মধ্যে আছে, তাতে তাদের পক্ষে রিয়ালের বিপক্ষে জেতা একটু কঠিনই। রোমা এই মুহূর্তে ভালো ফর্মে নেই। বেশ কিছু ভালো খেলোয়াড় থাকলেও দলটির টিম ওয়ার্কে এখনো অনেক উন্নতির অবকাশ রয়ে যাচ্ছে।’ সূত্র: ফোর ফোর টু।